আগামী ২১ জুন ভোরে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে ৪৮তম কোপা আমেরিকা মিশন শুরু করবে আর্জেন্টিনা। এই আসর সামনে রেখে আজ ভোরে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে গুয়াতেমালাকে ৪-১ গোলে হারিয়েছে কোপার বর্তমান চ্যাম্পিয়নরা। আর্জেন্টাইন সমর্থকদের জন্য সুখবর হলো—এই ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি বাকি দুই গোলে সরাসরি ও পরোক্ষভাবে অ্যাসিস্ট করেছেন অধিনায়ক লিওনেল মেসি। এর মধ্য দিয়ে ভক্তদের সমর্থকদের উৎকন্ঠার অবসান হলো। পূর্ণ ফিট মেসিকেই কোপায় দেখা যাবে।

 

ব্যবধান ৪-১ হলেও ম্যাচের পাঁচটি গোলই করেছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা! মেসি দুটি ও লাউতারো মার্টিনেজ দুটি গোল করেন, বাকিটা আত্মঘাতী গোল, যা করেন আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ।

 

চতুর্থ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজ প্রতিপক্ষের ফ্রিকিকের সময় বল নিজেদেরই জালে পাঠালে ১-০তে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। যদিও সমতা আনতে মাত্র আট মিনিট সময় নিল আলবিসেলেস্তেরা। গুয়াতেমালার গোলকিপার নিকোলাস হ্যাগেনের ভুল পাসে সরাসরি বল চলে যায় আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসির কাছে। সুযোগটি পেয়েই সমতাসূচক গোল করেন আর্জেন্টিনার দলনায়ক।

 

ম্যাচের ৩৮ মিনিটের সময় ভ্যালেন্তিন কারবোনিকে পাস দেন মেসি। কারবোনি বলটি নিয়ন্ত্রণে নিতে গেলে তাকে ফাউল করেন গুয়াতেমালার ডিফেন্ডার নিকোলাস সামাইওয়া। এই ফাউলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল আদায় করে নেন লাউতারো। ইন্টার মিলার স্ট্রাইকার ৬৬ মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে আরেক গোল করলে আর্জেন্টিনার কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়ে যায়। ৭৭ মিনিটে ডি মারিয়ার সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলতে খেলতে গুয়াতেমালার কফিনে শেষ পেরেক ঠুকে দেন মেসি (৪-১)।

বর্তমান লাতিন ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৭২ শতাংশ বল দখলে রাখে, ২৮ শতাংশ ছিল বিশ্বের ১০৮ নম্বর র‍্যাংকধারী দল গুয়াতেমালার।

 

ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন মেসি। ফলে নভেম্বরের পর থেকে তিনি আর্জেন্টিনার হয়ে খেলতে পারেননি। মার্চে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অধিনায়ককে পায়নি আর্জেন্টিনা। অবশেষে একুয়েডর ম্যাচে ৩৫ মিনিটের মতো খেলেছেন বদলি হিসেবে। এবার খেললেন পুরো ৯০ মিনিট।

 

গোল করেছেন, করিয়েছেন। এছাড়া ফ্রিকিকে বল বারে লাগিয়েছেন মেসি। আর্জেন্টিনার পেনাল্টি গোলেও তার অবদান ছিল। সব মিলে মেসির সরব উপস্থিতিতে স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা দলে।

 

ম্যাচে মোট ১৫ জন খেলোয়াড়কে পরীক্ষা করেছেন আর্জেন্টিনার লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা সবাইকে দেখে নেয়ার সুযোগটি গ্রহণ করেছি।’

 

বড় টুর্নামেন্টে সচরাচর মেসি পেনাল্টি শট নিলেও আজ লাউতারোকে দিয়ে করান তিনি। এ নিয়ে কোচ স্কালোনি বলেন, ‘এটা লিও মেসির সিদ্ধান্ত। আসলে মাঠে ঠিক কী হয়েছে তা আমি জানি না। হয়তো সে তাকে (লাউতারো) শটটি নিতে বলেছে কিংবা এটা তার সিদ্ধান্ত। এটা প্রমাণ করে, লিও মেসি কতটা সদয়।’