মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে স্ট্রাইকার সাবিনা খাতুনের হ্যাটট্রিকে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুতে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে সাবিনার জোড়ায় মালদ্বীপকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। এখন পর্যন্ত দুই ম্যাচের সবকটিতে জিতে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

আগামী মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে সাবিনার দল। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ।

আজ শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের মেয়েদের দাপট। প্রথমার্ধেই ৪ গোল করে প্রতিপক্ষকে হতবম্ব করে দেয় ঋতুপর্ণা-মনিকারা। ম্যাচের তিন মিনিটেই সাবিনার বাড়ানো বল পাকিস্তানের ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, বল পেয়ে যান মনিকা চাকমা। ডান পায়ের জোরালো শটে ১-০ গোলে এগিয়ে নেন মনিকা। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিরাত জাহান স্বপ্না। এবারো অবদান রাখেন সাবিনা। তার পাস থেকে বক্সের ভেতরে বল পেয়ে গোলকিপারের পাশ দিয়ে বল জালে পাঠান স্বপ্না।

এরপর শরু হয় সাবিনার একক গোলের মহড়া। ৩১ মিনিটে মনিকার বাড়ানো বল প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে সাবিনার কাছে যায়। দারুণ দক্ষতায় জালে বল জড়িয়ে দেন বাংলাদেশের অধিনায়ক। ৩৫ মিনিটে সানজিদার পাস থেকে সাবিনা নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন। ৫৮ মিনিটে মারিয়া মান্দার ক্রস থেকে হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। ৭৭ মিনিটে বক্সের বাইরে থেকে ঋতুপর্ণা চাকমা জোরালো শটে দলের ষষ্ঠ ও শেষ গোলটি করেন।

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আগের পাঁচ আসরে একবারই ফাইনাল খেলেছিল বাংলাদেশ। ২০১৬ সালের ওই আসরে ভারতের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয়েছিল তারা।