কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী ১৭ অক্টোবর শুরু হবে সপ্তম নারী সাফ চ্যাম্পিয়নশিপ। ভারতের আধিপত্যের অবসান ঘটিয়ে ২০২২ সালে এই নেপালেই প্রথমবারের মতো সাফ মুকুট জয় করে বাংলাদেশ। সাফ শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই আজ মঙ্গলবার কাঠমান্ডুগামী বিমানে ওঠেন সাবিনা, কৃষ্ণা, সানজিদারা। বিমানে ওঠার আগ মুহূর্তের ছবি তারকারা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের একাউন্টে পোস্ট করেছেন।
‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও ভারত। ‘বি’ গ্রুপে খেলবে নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা ও ভুটান। পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত গতবার বিদায় নিয়েছিল সেমিফাইনাল থেকে। টুর্নামেন্টের সফলতম দল ভারত ও গত আসরের রানার্সআপ নেপালকে এবার শিরোপার দাবিদার মানছেন বাংলাদেশ সাবিনা।
সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন, ‘দক্ষিণ এশিয়ায় ভারত, নেপাল ও বাংলাদেশ প্রায় একই মানের দল। এই জায়গাতে যারা টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি তুলনামূলক ভালো করবে, মাঠে ভালো পারফরম করবে, নিঃসন্দেহে, তারা বের হয়ে যাবে।’
নিজেদের উন্নতি ও বর্তমান বাস্তবতা নিয়ে সাবিনা বলেন, ‘গত সাফের আগেও আমরা সবসময় ভারতের কাছে পাঁচ-ছয় গোল খেয়েছি, নেপালের কাছে তিন-চার গোল খেয়েছি, ওই সময় (গতবার) আমাদের টিমের দারুণ শেইপ ছিল, আপনারাও খেলা দেখছেন এবং দেশের মানুষও বলেছে, মেয়েরা এত সুন্দর ফুটবল খেলছে, যেটা কল্পনাই করা যায় না। সেই জায়গা থেকে আমরাও তো কল্পনা করতে পারিনি, ভারতকে ৩-০ গোলে হারিয়েছি, আমাদের নারী ফুটবলে সেটা ছিল প্রথম ভারতকে হারানো, সেটা তো অবশ্যই আমাদের জন্য দারুণ ব্যাপার ছিল। তবে, আমার মনে হয়, এবার সেটা কঠিন হবে।’
১৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ভারতের সঙ্গে সাবিনাদের ম্যাচ ২৩ অক্টোবর।










