জানা যায়, রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করছে বাংলাদেশ দল। হোটেল নিকটবর্তী মসজিদে সকাল সাতটার ঈদ জামাতে অংশ নেন হামজা-জামাল, ফাহামিদুলরা। বাফুফের পক্ষ থেকে দলের সবাইকে সাদা পাঞ্জাবি উপহার দেয়া হয়েছে। বাফুফের পাঞ্জাবি পরেই সবাই নামাজ আদায় করেছেন।

এ সময় বাফুফের তিন নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ, সাখওয়াত হোসেন ভুইয়া শাহীন ও ইকবাল হোসেন দলের সঙ্গে নামাজ পড়েছেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেছেন বাংলাদেশ দলের ফুটবলাররা। হোটেলে ফিরে ফুটবলাররা একে অন্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। সকালে বাংলাদেশ দলের নিয়মিত নাস্তার পাশাপাশি ঈদের জন্য মেন্যুতে ছিল সেমাই।

মসজিদে নামাজ আদায় করতে গিয়ে ভক্তদের ভিড়ে পড়তে হয়েছে হামজা-জামালদের। নামাজ শেষে ভক্তদের সেলফি আবদার মেটাতে কার্পন্য করেননি দেশের ফুটবল পুর্নজাগরনের এ তারকরা।

ক্যাম্পে থাকলেও ৪ ঘণ্টা ছুটি পাচ্ছেন খেলোয়াড়রা। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছুটি দেয়া হয়েছে তাদের। যাদের বাসা ঢাকায় তারা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন এ সময়ে। অন্যরা ব্যক্তিগত কারণে এ সময়ে ক্যাম্পের বাইরে থাকতে পারবেন। ঈদের দিন বিকেলেও অনুশীলন রয়েছে। জাতীয় স্টেডিয়ামে বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত ঘাম ঝরাবেন হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

পুরুষ ফুটবল দলের পাশাপাশি নারী ফুটবল দলও এশিয়ান কাপ মিশনে রয়েছে। তাই তাদেরও এবার ক্যাম্পে ঈদ করতে হচ্ছে। জুনের তৃতীয় সপ্তাহে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই পর্বে খেলবে নারী ফুটবল দল। এ টুর্নামেন্টের প্রস্তুতির জন্য জর্ডানে দুই ম্যাচ খেলেছেন আফিদারা। বাংলাদেশ নারী দল জর্ডান থেকে তিন ধাপে গতকাল রাতে ফিরেছে। আগামী পরশু দিন থেকে আবার অনুশীলন শুরু তাদের। অনেকে দুই দিনের জন্য বাড়িতে গেলেও আবার অনেকে যাওয়া-আসার ঝক্কি বিবেচনায় ক্যাম্পে আছেন। ক্যাম্পে থাকা নারী ফুটবলারদেরও ঈদ উপহার দিয়েছে বাফুফে।