গল টেস্টে গতকাল তৃতীয় দিন সকালে ১৫ মিনিটের মধ্যে বাংলাদেশের শেষ উইকেটটি তুলে নিয়ে ৪৯৫ রানে অলআউট করে দেয় শ্রীলংকা। এরপর দিনের পুরোটা সময় ব্যাটিংয়ে কর্তৃত্ব করে ৯৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান তুলে নেয় সিংহলিজরা। স্বাগতিক দল ওভারপ্রতি রান তুলেছে প্রায় চার (৩.৯৫) করে। পাঁচশ ছুঁই ছুঁই রান তোলা বাংলাদেশের চেয়ে আর ১২৭ রানে পিছিয়ে স্বাগতিকরা।
সকালে অভিষিক্ত লাহিরু উদারাকে নিয়ে দারুণ সূচনা করেন পাথুম নিশাঙ্কা। তাইজুল ইসলামের ঘূর্ণির শিকার হয়ে ৩৪ বলে ২৯ রান করে উদারা সাজঘরের পথ ধরলেও রান তোলার গতি শ্লথ হয়নি, বরং বেড়েছে। পরের জুটিতে দিনেশ চান্দিমাল ও পাথুম নিশাঙ্কা ২৩৮ বলে ১৫৭ রান যোগ করেন। এ পথে ১৩৬ বলে নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন নিশাঙ্কা। চান্দিমালকে ৫৪ রানে লেগ স্লিপে সাদমানের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান নাঈম ইসলাম।
২ উইকেট পতনের পর বিদায়ী টেস্ট খেলা অ্যাঞ্জেলো ম্যাথুজকে নিয়ে ৮৯ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন নিশাঙ্কা। ৩৯ রান করে পার্ট-টাইম স্পিনার মুমিনুল হকের শিকার হন ম্যাথুজ। এরপর কামিন্দু মেন্ডিসকে নিয়ে ৩৮ রানের আরেকটি জুটি গড়ে থেমেছেন পাথুম।
২৫৬ বলে ২৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ক্যারিয়ারসেরা ১৮৭ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হয়েছেন এ ডানহাতি ব্যাটার। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির আশা জাগিয়েও আউট হয়ে যান ১৩ রানের আক্ষেপ নিয়ে। নিশাঙ্কার বিদায়ের পর ৪৫ বলে ৩৭ রানের মারমুখী জুটিতে দলের সংগ্রহ বড় করেছেন কামিন্দু ও ধনাঞ্জয়া।










