বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে বাংলাদেশ ও
শ্রীলংকার মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। মধ্যাহ্ন বিরতির আগে শেষ
ওভার করতে এসেছিলেন সাকিব আল হাসান। মিরপুরের মেঘে ঢাকা আকাশ এর আগে থেকেই আভাস
দিচ্ছিল বৃষ্টির। সাকিব এক বল করার পরই ঝুম বৃষ্টি শুরু হয়। দৌড়ে ক্রিকেটাররা
ঢুকলেন ড্রেসিংরুমে। ৫ বল আগে আম্পায়াররা মধাহ্ন বিরতির ডাক দেন। ১২টা ৪০ মিনিটে
আবার খেলা শুরু হবে। বৃষ্টির আগ পর্যন্ত শ্রীলংকার প্রথম ইনিংসে সংগ্রহ ৭০.১ ওভারে ৪ উইকেটে
২১০ রান। অ্যাঞ্জেলো ম্যাথুস ২৫ ও ধনাঞ্জয়া ডি সিলভা ৩০ রানে অপরাজিত রয়েছেন।
সফরকারীরা এখনো পিছিয়ে আছে ১৫৫ রান।
আজ বুধবার প্রথম সেশনে মোট ২৪.১ ওভার খেলা
হয়েছে। রান হয়েছে কেবল ৬৭। বাংলাদেশ তুলে নিয়েছে ২ উইকেট।
তৃতীয় দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই কাসুন
রাজিথাকে বোল্ড করেন এবাদত হোসেন। রানের খাতা না খুলেই ফিরতে হলো শ্রীলংকান এই
ব্যাটারকে। দিনের দশম ওভারে গুরুত্বপূর্ণ উইকেট দিমুথ করুনারত্নেকে (৮০) বোল্ড করে সাজঘরে ফেরান সাকিব আল হাসান। আগের
দিন ৭০ রানে অপরাজিত থাকা লংকান অধিনায়ক আজ ব্যক্তিগত ইনিংসে যোগ করেছেন আরো ১০
রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সাকিব ও এবাদত।
এর আগে মুশফিকুর রহিমের অপরাজিত ১৭৫ ও লিটন দাসের
১৪১ রানে ভর করে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৬৫ রান সংগ্রহ
করেছে বাংলাদেশ।











