‘আজীবনের ক্লাব’
ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যাবেন, এমনটি কোনোদিন স্বপ্নেও ভাবেননি লিওনেল মেসি। কিন্তু ২০২০-২১ মৌসুম শেষে একটি সময়ের অকল্পনীয় সেই ঘটনাটিই ঘটল মেসির জীবনে। প্রায় দেড় যুগের অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে তিনি নাম লেখান পিএসজিতে। বার্সেলোনা ছেড়ে তার নতুন ঠিকানা হয় প্যারিস। কিন্তু এখানেও হয়তো সময় ফুরিয়ে আসছে তার। কাতার বিশ্বকাপ শেষে সিদ্ধান্ত নেবেন, আগামী মৌসুমে পিএসজি ছেড়ে কোথায় যাবেন।
মেসি ও তার পরিবার অবশ্য প্যারিস যাত্রা মোটেই চাননি। লা লিগার আর্থিক নিয়ম প্রতিপালন করতে গিয়ে মেসিকে বিদায় দিতে বাধ্য হয় বার্সেলোনা। ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লের (এফএফপি) নিয়ম প্রতিপালন করতে মেসির সঙ্গে নতুন চুক্তি করতে পারছিল না বার্সা। মেসি বছরে ১৪ কোটি ইউরোর মতো আয় করতেন বার্সায়। তিনি বেতনের ৫০ শতাংশ কম নিতে চেয়েছেন। তবু তাকে ধরে রাখতে পারেনি বার্সা। এতে মেসি চোখের জলে বিদায় নেন। এই বার্সেলোনাতেই যে জীবনের অর্ধেকেরও বেশি সময় খেলেছেন তিনি, ক্লাবটিকেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
ঘটনাবহুল দলবদল মৌসুমে গত বছর আগস্টে পিএসজিতে দুই বছরের জন্য নাম লেখান মেসি। তখন মেসির জার্সি কিনতে হুমড়ি খেয়ে পড়ে পিএসজি সমর্থকরা। এমনকি কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের জার্সির চেয়ে মেসির জার্সির চাহিদা ছিল তুঙ্গে। যদিও চোটে পড়া, নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়া আর কভিড-১৯ সংক্রমণে পড়ার মতো ঘটনা মেসিকে জ্বলে উঠতে দেয়নি। ফলে পিএসজি সমর্থকদের উন্মাদনার সঙ্গে মেসির মাঠের পারফরম্যান্স মিলছিল না।
সদ্যই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে পিএসজি। এখন মেসির মূল ফোকাস বিশ্বকাপ ঘিরে। তিনি তার ব্যক্তিগত টিমকে বলে দিয়েছেন, বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত ক্লাবের ভবিষ্যৎ নিয়ে আলোচনা কিংবা কথা বলবেন না। তিনি পিএসজি ছাড়বেন কিনা, কিং সেখানেই আরো এক বছর থাকবেন কিনা, সেই সিদ্ধান্তটি নেবেন বিশ্বকাপ শেষ হলে।
পিএসজিতে মেসির বর্তমান চুক্তিটা দুই বছরের, যা আরো এক বছর বাড়িয়ে নেয়ার সুযোগ থাকবে। তবে তৃতীয় বছরের জন্য চুক্তি নবায়ন করা হবে কিনা, তা দুই পক্ষের খুশি থাকার ওপর নির্ভর করবে। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ শেষে মেসিকে এক বছর চুক্তি নবায়নের পাশাপাশি পরে আরো এক বছর নবায়নের ‘অপশন’
রাখার প্রস্তাব দেবে পিএসজি। কেননা ফরাসি জায়ান্টরা এখন ক্রীড়া আর বাণিজ্যিক উভয় দৃষ্টিকোণ থেকে তার মূল্য উপলব্ধি করতে পারছে। পিএসজি আশাবাদী, তারা মেসিকে ধরে রাখতে সমর্থ হবে।
ব্রিটিশ গণমাধ্যমে গুঞ্জন রয়েছে, পিএসজির সঙ্গে চুক্তি শেষে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে নাম লেখাতে পারেন মেসি, যে ক্লাবটির মালিক ইংলিশ সুপারস্টার ডেভিড বেকহাম। আবার সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরে যাওয়ার গুঞ্জনও রয়েছে মেসিকে ঘিরে। বিশেষ করে মেসির দীর্ঘদিনের সতীর্থ জাভি এখন দলটির কোচ। মেসি চলে যাওয়ার পর ক্লাবটি কোনো শিরোপ জিততে পারেনি। টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। জাভি স্বপ্ন দেখছেন, মেসিকে ফিরিয়ে বার্সেলোনায় আবার সুদিন ফেরাবেন।










