ইসলামাবাদে পাকিস্তান শাহিনস দলের বিপক্ষে শুক্রবার শেষ হওয়া প্রথম চারদিনের ম্যাচের ফাঁকে অনুশীলনের সময় আঙুলে চোট পান বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড় মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা হয়নি তার। এ চোটে পাকিস্তানের বিপক্ষে ২১ আগস্ট শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। যদিও তিনি আশাবাদী, প্রথম টেস্টের আগেই সুস্থ হয়ে উঠবেন।

গতকাল পাকিস্তান থেকে বিসিবির পাঠানো এক ভিডিওবার্তায় বলেছেন, ‘কয়েক দিন ভারি বর্ষণের কারণে ম্যাচটা বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা যথাযথ অনুশীলন করতে পারিনি। প্রথম কয়েক দিনে শুধু একটি নেট সেশন হয়েছিল। এটিও আদর্শ নয়। তবে মাঠে আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি। প্রথম ইনিংস আমাদের পক্ষে ছিল না। দ্বিতীয় ইনিংসের আগে নেটে আমি আঙুলে ব্যথা পাই। তাই ব্যাটিং করিনি। আশা করি, দ্রুতই সেরে উঠব এবং প্রথম টেস্ট খেলব।’

মূলত পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজের আগে ভালো প্রস্তুতির জন্যই মুশফিক, মুমিনুল হকদের ‘এ’ দলের সঙ্গে পাঠানো হয়। প্রথম চারদিনের ম্যাচে প্রস্তুতি কেমন হলো, তা নিয়ে মুশফিক বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু দারুণ। যদিও ম্যাচটা আমাদের পক্ষে আসেনি। আবহাওয়াও কিছুটা বাদ সেধেছে। আমার মতে, পাকিস্তান শাহিনস অনেক ভালো খেলেছে। বিশেষ করে উমর ভাই অসাধারণ খেলেছেন। তাদের বোলাররাও। নাসিম ভাই, মোহাম্মদ আলী, মীর হামজাও বিভিন্ন ধাপে ভালো বোলিং করেছেন। আমাদের এ দলে বেশ কয়েকজন তরুণ ছেলে আছে। আমি নিশ্চিত তারা এটি থেকে অনেক শিখতে পেরেছে।’

এ বছর মোট আটটি টেস্ট খেলবে বাংলাদেশ। ব্যস্ত সূচির আগে ‘এ’ দলের ম্যাচগুলো ক্রিকেটারদের প্রস্তুতি নিতে সাহায্য করবে বলে মনে করেন মুশফিক। তিনি বলেন, ‘আমাদের সামনে কয়েকটি টেস্ট ম্যাচ আছে। এখান থেকে যারা টেস্ট দলে যোগ দেবে, নিশ্চিতভাবেই এটি তাদের সাহায্য করবে। কারণ অন্যরা আসার আগেই আমরা এখানে এসে কিছু প্র্যাকটিস সেশন করতে চেয়েছিলাম। আশা করি, এটি আমাদের জন্য উপকারী হবে।’

এদিকে, পাকিস্তান শাহিনসের বিপক্ষে চারদিনের ম্যাচে কুঁচকির চোট পেয়ে ছিটকে গেছেন ব্যাটার মাহমুদুল হাসান জয়। এতে তার টেস্ট সিরিজই শেষ হয়ে গেল। 

গতকালই লাহোর থেকে ইসলামাবাদ যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ‘এ’ দল আগে থেকেই ইসলামাবাদে রয়েছে। তাদের চারদিনের দুটি ও একদিনের তিনটি ম্যাচের সবগুলোই ইসলামাবাদে।