মুলতানে প্রথম টেস্টে ইতিহাস গড়ে হেরেছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৫০০ রান করার পরও ইনিংস ব্যবধানে পরাজিত হওয়া একমাত্র দল এখন পাকিস্তান। সেই ধাক্কায় এলোমেলো স্বাগতিক দলটি মুলতানে দ্বিতীয় টেস্টে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহর মতো শীর্ষ ক্রিকেটারদের বাদ দিয়ে মাঠে নেমেছে। একই মাঠে আজ টস জিতে ব্যাটিংয়ে নামা শান মাসুদের দল ১৯ রানে হারিয়ে ফেলে দুই উইকেট। সেখান থেকে সাইম আইয়ুব ও কামরান গুলামের ব্যাটে ভর করে একশ তুলেছে স্বাগতিকরা।

৩৮ ওভারশেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১০০ রান। সাইম আইয়ুব ১০৯ বলে ৫০ ও গুলাম ৮৮ বলে ৪০ রান নিয়ে ব্যাট করছিলেন। সাইম আইয়ুবকে গতকালই বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে কিনে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। তিনি পাচ্ছেন ৮০ লাখ ডলার। এ খুশির খবরেই হয়তো আজ মুলতানে আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করে যাচ্ছেন তিনি।

আজ ইংলিশ স্পিনার জ্যাক লিচের আঘাতে অষ্টম ওভারে ওপেনার শফিক আব্দুল্লাহকে হারায় পাকিস্তান (১৫/১)। দলীয় ১৯ রানের মাথায় অধিনায়ক শান মাসুদকেও সাজঘরে ফেরান তিনি। এরপর দারুণ এক জুটি গড়েন সাইম ও গুলাম।