এশিয়া কাপে আজ বৃহস্পতিবার
সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলংকা ও পাকিস্তান। এই ম্যাচের বিজয়ী
দল উঠবে ফাইনালে। আজকের ম্যাচটা তাই দুই দলের জন্য নকআউটে রূপ নিয়েছে। বাংলাদেশ সময়
বেলা সাড়ে তিনটায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে
পাকিস্তান দলে এসেছে পাঁচটি পরিবর্তন। ফ্লপ করায় ওপেনার ফখর জামান বাদ পড়েছেন। চলতি
আসরে ২০.৩৩ গড়ে মাত্র ৬১ রান করেছেন এই বামহাতি ব্যাটার। অথচ বছরের শুরুর দিকে নিউজিল্যান্ডের
বিপক্ষে হোম সিরিজে করেছিলেন টানা তিন সেঞ্চুরি। বাদ পড়েছেন পেসার ফাহিম আশরাফও। তার
জায়গায় এসেছেন মোহাম্মদ হারিস। চোটের কারণে খেলা হবে না পেস ব্যাটার আগা সালমান এবং
বোলার নাসিম শাহ ও হারিস রউফের।
ফাহিমের জায়গায় এসেছেন
অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। আর চোটগ্রস্ত দুই পেসারের জায়গা নেবেন মোহাম্মদ ওয়াসিম
ও জামান খান। আগা সালমানের জায়গায় খেলবেন সৌদ শাকিল।
সুপার ফোরে টানা দুই জয়ে
ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে বাংলাদেশ টানা দুই হারে বিদায় নিয়েছে।
শুক্রবার বাংলাদেশ ও ভারতের ম্যাচটা তাই শুধুই আনুষ্ঠানিকতার।
কিন্তু লংকা ও পাকিস্তানের
ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুই দলের জন্যই। উভয় দলই একটা করে জয় পেয়েছে। উল্লেখ্য, দুই দলই
হারিয়েছে বাংলাদেশকে। আজ যারা জিতবে তারা ফাইনালে, হেরে গেলে বিদায়।
এশিয়া কাপে সবচেয়ে বেশিবার
(৭) শিরোপা জিতেছে শ্রীলংকা। এছাড়া ভারত ৫ বার ও পাকিস্তান ২ বারের চ্যাম্পিয়ন।
এদিকে, দ্বিতীয় সন্তানের
জন্মের কারণে দেশে ফিরে আসা মুশফিকুর রহিম শুক্রবার ভারত ম্যাচে থাকছেন না। বুধবার বাংলাদেশ ক্রিকেট সংস্থা
বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। দেশে এসেছিলেন অধিনায়ক সাকিব আল হাসানও।
তিনি কলম্বো ফরে দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন।










