বায়ার্ন মিউনিখের বিপক্ষে এবারো হারল বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ব্যাভারিয়ানদের কাছে ২-০ গোলে হেরেছে কাতালানরা। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বায়ার্নের জয়ে একটি করে গোল করেন লুকাস হার্নান্দেস ও লেরয় সানে।

জার্মান ক্লাবটির বিপক্ষে এ নিয়ে টানা পাঁচ ম্যাচে হারল কাতালানরা। সেই সঙ্গে নিজেদের দুর্গে বার্সার বিপক্ষে অজেয় হয়ে থাকল বায়ার্ন। গত মৌসুমেও দলটির বিপক্ষে দুই লেগে মিলে ৬-০ ব্যবধানে হেরেছিল স্প্যানিশ জায়ান্টরা। শেষ পাঁচ ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২০ গোল হজম করল বার্সেলোনা।

প্রতিপক্ষের মাঠে বল দখল ও গোলের লক্ষ্যে শট, সবকিছুতেই এগিয়ে ছিল বার্সেলোনা। ৫৩ শতাংশ বল নিজেদের পায়ে রাখার পাশাপাশি ১৮টি শটের চারটি ছিল লক্ষ্যে। অপরদিকে ৪৭ শতাংশ বল পায়ে রেখে ১৩ শটের চারটি লক্ষ্যে ছিল স্বাগতিকদের। এরমধ্যে দুটি শট থেকে সফলতা পায় তারা।

বায়ার্ন মিউনিখ আক্রমণে এগিয়ে থাকলেও সুযোগ বেশি তৈরি করে বার্সা। দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রবের্ত লেভানদোভস্কি, পেদ্রি ও ফেরান তোরেসরা। উল্টো দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যে দুই গোল করে জয় ছিনিয়ে নেয় জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। প্রথম কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে প্রথম তিন ম্যাচে জয়ের কীর্তি গড়লেন নাগেলসম্যান।

প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে নেমেই গোল আদায় করে বায়ার্ন। ৫০ মিনিটে বদলি নামা লেয়ন গোরেৎস্কার শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। সেই কর্নার থেকেই হেডে বায়ার্নকে এগিয়ে নেন লুকাস হার্নান্দেস। চার মিনিট পর বার্সার ডিফেন্ডারদের কাটিয়ে মিডফিল্ডার জামাল মুসিয়ালা খুঁজে নেন লেরয় সানেকে। গোল করতে ভুল করেননি জার্মান ফরোয়ার্ড।

টানা দুই জয়ে ‘সি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে বায়ার্ন উঠে গেল টেবিলের শীর্ষে। গ্রুপের অন্য ম্যাচে প্লাজেনকে ২-০ গোলে হারানো ইন্টার মিলান আছে তিন নম্বরে। গোল পার্থক্যে এগিয়ে থেকে দুই নম্বরে বার্সেলোনা।

এদিকে ‘ডি’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়েছে স্পোর্টিং লিসবন। অন্য ম্যাচে আনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ১-০ গোলে হেরেছে মার্সেই। মোহাম্মদ সালাহ ও জোয়েল মোতিপের গোলে আয়াক্সকে ২-১ গোলে হারায় লিভারপুল। বায়ের লেভারকুসেনের কাছে ২-০ গোলে হেরেছে অ্যাতলেতিকো মাদ্রিদ।