ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বার্ষিক ২০ কোটি ৯০ লাখ ইউরোর আরেকটি মেগা চুক্তির পর এবার আর্সেনালের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেলির কথা ভাবছে সৌদি আরবের পেশাদার লিগের ক্লাব আল-নাসর। তারা মূলত চেয়েছিল লিভারপুলের লুইস ডিয়াজকে। অল রেডরা অবশ্য কোনো ফির বিনিময়েই কলম্বিয়ান ফরওয়ার্ডকে বিক্রিতে রাজি নয়। এর পরই সৌদি ক্লাবটি দৃষ্টি ঘুরিয়েছে ২৪ বছর বয়সী মার্টিনেলির দিকে। খেলোয়াড়টি আল-নাসরের ফরওয়ার্ডে দারুণ মানানসই হতে পারেন। চলতি গ্রীষ্মের দলবদলেই তাকে সই করাতে চায় রোনালদোর দল।
গোল ডটকম জানিয়েছে, মার্টিনেলিকে বিক্রির ইচ্ছা আপাতত নেই আর্সেনালের। তবে আল-নাসরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বড় প্রস্তাব পেলে তারা সিদ্ধান্ত পাল্টাতেও পারে। তাকে বিক্রি করলে সেই জায়গায় কে আসবেন, তা-ও ঠিক করে রেখেছে গানাররা। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রিগো কিংবা নিউ ক্যাসলের ইংলিশ ফরওয়ার্ড অ্যান্থনি গর্ডন হতে পারেন তার যোগ্য বিকল্প।
ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত ১৮টি ম্যাচ খেলা অন্যতম মেধাবী ফরওয়ার্ডকে ধরে রাখার কথা যেমন ভাবছে আর্সেনাল, তেমনি তাকে বিক্রি করে আয়কৃত অর্থ পুনরায় তরুণদের পেছনে বিনিয়োগের পরিকল্পনা নিয়েও ভাবছে গানাররা। আল-নাসরের আকর্ষণীয় প্রস্তাবটি শিগগিরই উত্তর লন্ডনের ক্লাবকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। সূত্র বলছে, ইউরোপ থেকে মেধাবী খেলোয়াড়দের আকৃষ্ট করার ক্ষেত্রে আল-নাসরকে সাহায্য করছেন রোনালদো। ক্লাবটির বিনিয়োগ পরিকল্পনায় তিনি সরাসরি যুক্তও থাকেন বলে জানা গেছে। রোনালদোর মতো তারকার পাশাপাশি খেলার বিষয়টি হয়তো ভাবনায় রাখবেন মার্টিনেলি।
মার্টিনেলি ছাড়াও ওয়েস্ট হ্যামের মোহাম্মদ কুদুস, অ্যাস্টন ভিলার মিডফিল্ডার আমাদু ওনানা আর বায়ার লেভারকুসেনের ভিক্টর বোনিফেসও আছেন আল-নাসরের ভাবনায়। বোনিফেসের তো আরো আগেই আল-নাসরে যোগ দেয়ার কথা ছিল, যদি সৌদি ক্লাবটির সেই প্রকল্প পিছিয়ে যায়। এখন নতুন করে বোনিফেসের ক্লাবটিতে যোগ দেয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে কুদুসকে পেতে হলে রিলিজ ক্লজের ৮৫ মিলিয়ন পাউন্ড পরিশোধ করা লাগতে পারে। কুদুসকে দলে চায় টটেনহ্যাম হটস্পার্সও। যদিও অ্যাস্টন ভিলা তার জন্য এখনো কোনো ফি চায়নি। দ্য গার্ডিয়ান বলছে, ৬০ মিলিয়ন পাউন্ড ফি দিলেই তাকে ছেড়ে দিতে পারে হ্যামাররা। ২০১১ সালের পর ওয়েস্ট হ্যাম থেকে অবশ্য কোনো খেলোয়াড় নগর প্রতিদ্বন্দ্বী টটেনহ্যামে যোগ দেয়নি। দুই বছর আগে ডাচ ক্লাব আয়াক্স থেকে ৩৭ মিলিয়ন পাউন্ডে কুদুসকে দলে টানে ওয়েস্ট হ্যাম। সেই থেকে তিনি লন্ডনের ক্লাবটির হয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন। ৬৫ ম্যাচ খেলে করেছেন ১৩টি গোল। এ কারণেই দলবদলের বাজারে এখন আকাঙ্ক্ষিত এক নাম ২৪ বছর বয়সী কুদুস।
নটিংহ্যাম ফরেস্টের ফরওয়ার্ড অ্যান্থনি এলাঙ্গার জন্য ফি বাড়িয়ে নতুন প্রস্তাব দিয়েছে নিউ ক্যাসেল ইউনাইটেড। নতুন প্রস্তাবে খেলোয়াড়টির ট্রান্সফার ফি ৫৫ মিলিয়ন পাউন্ড। আগের প্রস্তাবে যা ছিল ৪৫ মিলিয়ন পাউন্ড। এলাঙ্গা গত দুই মৌসুমে ইউরোপের ঘরোয়া লিগে সর্বোচ্চ ২০টি অ্যাসিস্ট করেছেন।
এদিকে স্পেনের সংবাদমাধ্যমগুলোর খবর—বার্সার মিডফিল্ডার মার্ক কাসাদোকে কিনতে চায় ইংলিশ ক্লাব লিভারপুর। এজন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাবও পাঠানো হয়েছে কাতালানদের কাছে।
২১ বছর বয়সী মিডফিল্ডারটি বার্সায় নিয়মিত সুযোগ পান না বলে বিদায় নিতে চান। কারণ নতুন ক্লাবে গেলে হয়তো আরো বেশি ম্যাচ খেলার সুযোগ মিলবে। কাসাদোকে নিয়ে আগ্রহ দেখিয়েছে চেলসি, বায়ার লেভারকুসেনের মতো দলও। লিভারপুলই এখানে এগিয়ে রয়েছে। তারা ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও দিয়েছে। বার্সা চায় আরেকটু বেশি। ৫০ মিলিয়ন ইউরো হলে কাসাদো ছাড়বে তারা। লা লিগা চ্যাম্পিয়নদের অমতে যদি তাকে নিতে চায় লিভারপুল তাহলে গুনতে হবে ১০০ মিলিয়ন ইউরো। কারণ কাতালান ক্লাবে খেলোয়াড়টির রিলিজ ক্লজ ১০০ মিলিয়ন ইউরো।
ব্লু গ্রানাদের ইঞ্জিন রুমে তারকাদের ভিড় এতটাই বেশি যে সহসা কাসাদোর জায়গা পাকা করার সম্ভাবনা ক্ষীণ। পেদ্রি, দানি ওলমো, ফারমিন লোপেজ এরই মধ্যে দলে তারকার আসন পেয়েছেন। দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে। ঠিক এ কারণে কাসাদোকে ছেড়ে দিতে পারে বার্সা, আর খেলোয়াড়টিও ভবিষ্যতের কথা মাথায় রেখে বিদায় নিতে পারেন।
স্পোর্ট জানিয়েছে, ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ালেও কাসাদোকে বিক্রি নিয়ে এখনই আলোচনা শুরু করতে চায় বার্সেলোনা। কাতালানরা তার মেধা ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা মাথায় রেখে লম্বা সময়ের জন্য চুক্তিবদ্ধ করলেও এক ঝাঁক মেধাবী খেলোয়াড়ের ভিড়ে তাকে জায়গা দিতে পারছে না, তাই তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাকে এ গ্রীষ্মে ছেড়ে দিয়ে তহবিল সমৃদ্ধ করতে চায় ইউরোপীয় জায়ান্টরা।
গোলডটকম, গার্ডিয়ান, ইএসপিএন










