কমিউনিটি শিল্ড জিতে ২০২৪-২৫ মৌসুম শুরু করল ম্যানচেস্টার সিটি। আজ রুদ্ধশ্বাস ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়ে দেয় পেপ গার্দিওলার দল।

 

এ নিয়ে সপ্তমবার কমিউনিটি শিল্ড জিতল ম্যানসিটি। এর আগে ১৯৩৭, ১৯৬৮, ১৯৭২, ২০১২, ২০১৮ ও ২০১৯ সালে এই শিরোপার স্বাদ পায় সিটিজেনরা।

 

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে শিরোপার মীমাংসা হয়।

 

ওয়েম্বলি স্টেডিয়ামে আজ ম্যাচের ৮২ মিনিটে ২০ বছর বয়সী আর্জেন্টাইন ফরওয়ার্ড আলেহান্দ্রো গারাঞ্চোর গোলে লিড নেয় ম্যানইউ। ৮৯ মিনিটে বার্নার্দো সিলভার গোলে সমতায় ফেরে ম্যানসিটি। পরে টাইব্রেকারে জমজমাট লড়াই শেষে শিরোপা পায় ম্যানসিটি।

 

৩০তম জন্মদিনে গোল করে সিটির জয়ে ভূমিকা রাখেন পর্তুগিজ তারকা সিলভা। ১৯৯৯ সালে কানুর পর এই প্রথম কমিউনিটি শিল্ড ম্যাচে জন্মদিনে কেউ গোল করলেন।  

 

আগামী শুক্রবার শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম দিন ঘরের মাঠে ফুলহামের বিপক্ষে খেলবে ম্যানইউ। রোববার চেলসির মাঠে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি।