পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাঠে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে ৮ দলের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ‘হাইব্রিড’ মডেলের আসরে পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি এবং আরব আমিরাতের দুবাইয়ের ভেন্যুতে খেলা হবে। এ আসরের জন্য আজ বুধবার ১৫ জন ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। এর মধ্যে আম্পায়ার ১২ জন ও ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন তিনজন। আম্পায়ারদের মধ্যে আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
১২ জন আম্পায়ার হলেন রিচার্ড কেটেলবরো, ক্রিস গ্যাফানে, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, পল রাইফেল, রড টাকার, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, এহসান রাজা, শরফুদ্দৌলা, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন। এরা সবাই ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছেন। শরফুদ্দৌলা বিশ্বকাপে ৫টি ম্যাচ পরিচালনা করেন। গত বছর মার্চে প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত করা হয় সৈকতকে।
ম্যাচ রেফারি হিসেবে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড বুন, শ্রীলংকার রঞ্জন মাদুগালে ও জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট। তারা সবাই আইসিসি ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য।
চ্যাম্পিয়নস ট্রফিতে ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের লড়াই দিয়ে শুরু এবারের আসর। পরদিন দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।










