মুলতানে প্রথম টেস্টে বিধ্বস্ত হওয়া পাকিস্তান সেই মাঠেই জবাব দিল। সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ২৯৭ রানের টার্গেট দিয়ে ১৫২ রানের বড় ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১-এ সমতা এনেছে শান মাসুদের দল। রাওয়ালপিন্ডিতে ২৪ অক্টোবর শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।
পাকিস্তানের দুই স্পিনার নোমান আলী ও সাজিদ খান নিয়েছেন ২০ উইকেট। এ নিয়ে টেস্টে সপ্তমবারের মতো এবং ১৯৭২ সালের পর প্রথমবার ২০ উইকেট শিকার করলেন কোনো দলের দুই বোলার।
টানা ছয় হারের পর অবশেষে জয় পেলেন শান মাসুদ। অধিনায়ক হিসেবে এটা তার পঞ্চম জয়। ২০২১ সালের পর এই প্রথম ঘরের মাঠে টেস্ট জিতল পাকিস্তান।
প্রথম টেস্টে ব্যবহৃত উইকেটে ২৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে সাজিদ খানের আঘাতে প্রথম ওভারেই বেন ডাকেটকে হারায় সফরকারীরা। এরপর বিদায় নেন জ্যাক ক্রলেও। ২ উইকেটে ৩৬ রান নিয়ে তৃতীয় দিন মাঠ ছাড়ে ইংলিশরা। আজ শুক্রবার চতুর্থ দিন ১০৮ রান করে বাকি ১০ উইকেট হারায় বেন স্টোকসের দল। লাঞ্চের আগেই গুটিয়ে যায় অতিথিরা। মোট ৩৩.৩ ওভার আয়ু ছিল ইংলিশদের দ্বিতীয় ইনিংসের। আজ তারা খেলেছে ২২.৩ ওভার। সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক বেন স্টোকস। নোমান আলী ৪৬ রানে ৮টি ও সাজিদ খান ৯৩ রানে ২টি উইকেট নেন।
এই মাঠে প্রথম টেস্টে লজ্জাজ্জনকভাবে হেরে ইতিহাস গড়ে পাকিস্তান। প্রথম ইনিংসে পাঁচশোর্ধ্ব সংগ্রহ গড়েও পরাজিত প্রথম দলটির নাম পাকিস্তান। সেই হারের পর পাকিস্তান একাদশে আসে বিরাট পরিবর্তন। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও বাবর আজম বাদ পড়েন। একাদশে মাত্র একজন স্পিনার রেখে সাহসী সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। যদিও এই সিদ্ধান্ত কার্যকর প্রমাণিত হলো। দলে আসা স্পিনার ৩১ বছর বয়সী সাজিদ খান ও ৩৮ বছর বয়সী নোমান আলী ইংলিশদের ২০ উইকেট শিকার করে বিস্মিত করে দেন সবাইকে। প্রথম ইনিংসে সাজিদ খান ৭টি ও নোমান আলী ৩টি এবং দ্বিতীয় ইনিংসে নোমান আলী ৮টি ও সাজিদ খান ২টি উইকেট নেন।










