দক্ষিণ আফ্রিকার মাঠে আসন্ন আইসিসি নারী টি২০ বিশ্বকাপ সামনে রেখে আজ
দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫
সদস্যের এই দলে ডাক পেয়েছেন দক্ষিণ আফ্রিকায় চলমান আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের বেশ কয়েকজন খেলোয়াড়।
যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়া, শ্রীলংকা ও যুক্তরাষ্ট্রকে টানা হারিয়ে সুপার সিক্স রাউন্ডে জায়গা করে
নেয়া বাংলাদেশ যুব দল থেকে সিনিয়র দলে ডাক পেয়েছেন দিশা বিশ্বাস, মারুফা আক্তার, দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার।
কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে বিশ্বকাপের একটু আগেভাগেই দক্ষিণ
আফ্রিকায় যাবে বাংলাদেশ নারী দল। তারা যাত্রা করবে ২৩ জানুয়ারি। সেখানে ট্রেনিং
ক্যাম্প শেষে আয়ারল্যান্ডের সঙ্গে দুটি অনুশীলন ম্যাচ খেলবেন জ্যোতিরা। এরপর
পাকিস্তান
(৬ ফেব্রুয়ারি) ও ভারতের (৮ ফেব্রুয়ারি) বিপক্ষে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে
বাংলাদেশের মেয়েরা। ১২ ফেব্রুয়ারি শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে লাল-সবুজ জার্সিধারীদের।
বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক),
মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানার আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, সোবহানা মোস্তারি। অপেক্ষমান: রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা।










