অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে
হারিয়ে দুর্দান্ত সূচনা করা বাংলাদেশের মেয়েরা পরের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে তুলে
নেয় ১০ রানের জয়। আজ বেনোনিতে তৃতীয় ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল যুক্তরাষ্ট্রের
বিপক্ষে হেসেখেলেই জেতার কথা ছিল। যদিও দিশা বিশ্বাসের দলের কঠিন পরীক্ষাই নিল
আমেরিকান মেয়েরা। যুক্তরাষ্ট্রের তোলা ১০৩ রান তাড়া করতে গিয়ে ৬৪ রানে চার উইকেট
হারিয়ে বসে বাংলাদেশ। যদিও অঘটন হয়নি। শেষ পর্যন্ত ৫ উইকেট ও ১৫ বল হাতে রেখে জয়
তুলে নেয় লাল-সবুজ জার্সিধারীরা।
দিশা বিশ্বাস ১৩ রানে দুই
উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রকে অল্প রানে আটকে দিতে ভূমিকা রাখেন। জবাব দিতে নেমে ২১
রানে দুই উইকেট হারালেও স্বর্ণা আক্তার (২২), দিলারা আক্তার
(১৭), মিষ্টি সাহা (১৪*) ও রাবেয়া খানের
(১৮*) ব্যাটে ভর করে জিতেছে বাংলাদেশ।
টানা তিন জয়ে
‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে উঠেছে বাংলাদেশ। দুই ম্যাচে চার পয়েন্ট
নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে অস্ট্রেলিয়া এবং তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে
শ্রীলংকা উঠেছে সুপার সিক্স রাউন্ডে।
চার গ্রুপ থেকেই শীর্ষ
তিনটি করে দল উঠবে সুপার সিক্স রাউন্ডে। সুপার সিক্সে
‘এ’ গ্রুপের তিনটি দল খেলবে ‘ডি’ গ্রুপের তিনটি দলের সঙ্গে।
এরপর প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে।
সংক্ষিপ্ত স্কোর
যুক্তরাষ্ট্র:
২০ ওভারে ১০৩/৪। বাংলাদেশ:
১৭.৩ ওভারে ১০৪/৫। ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা: দিশা বিশ্বাস (বাংলাদেশ)।










