টি২০তে টানা ১১ ম্যাচে জয় তুলে নিল ভারত। আজ শনিবার ধর্মশালায় সফরকারী
শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৮৩ রান
তুলেও জয় পেল না শ্রীলংকা। শ্রেয়াস আইয়ারের অনবদ্য ব্যাটিংয়ে ভর করে স্বাগতিকরা ৭
উইকেট ও ১৭ বল হাতে রেখেই জয় তুলে নেয়। এর মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ
নিশ্চিত করল ভারত।
দলীয় ৪৪ রানের মধ্যে রোহিত শর্মা ও ইশান কিষাণ আউট হওয়ার পর তৃতীয়
উইকেটে সাঞ্জু স্যামসনকে নিয়ে বোর্ডে ৪৭ বলে ৮৪ রান যোগ করেন শ্রেয়াস। এরপর চতুর্থ
উইকেটে মাত্র ২৫ বলে ৫৮ রান যোগ করে ম্যাচটি একপেশে বানিয়ে দেন শ্রেয়াস ও রবীন্দ্র
জাদেজা। শ্রেয়াস ৪৪ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৭৪ রান এবং জাদেজা ১৮ বলে ৭
বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৫ রান করে অপরাজিত থাকেন।
এর আগে পাথুম নিশাঙ্কা (৫৩ বলে ৭৫),
দাসুন শানাকা (১৯ বলে ৪৭) ও দানুষ্কা গুনাতিলাকার (২৯ বলে ৩৮) ব্যাটে ভর করে ১৮৩ রানের
বড় সংগ্রহ পায় সিংহলিজরা। যদিও বড় সংগ্রহ নিয়েও জিততে পারেনি অতিথিরা।
আগামীকাল রোববার একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ। এরপর দুই
টেস্টের সিরিজে মুখোমুখি হবে প্রতিবেশী দুই দেশ।










