ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ৩-১ গোলে
হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এ ম্যাচে জোড়া গোল করেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং
ব্রাউট হালান্ড। সিটি জিতলেও তাদের প্রতিদ্বন্দ্বী লিভারপুল অঘটনের শিকার হয়েছে।
অল রেডদের ১-০ গোলে হারিয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে নটিংহ্যাম।
ঘরের মাঠে টানা দশম লিগ ম্যাচে জয় পেল পেপ গার্দিওলার দল, যেসব ম্যাচে ন্যূনতম তিন গোল করে ৯১
বছরের পুরনো রেকর্ড ছুঁয়েছে ম্যানসিটি। ১৯৩০ ও ১৯৩১ সালে টানা দুই মৌসুমে
ইংল্যান্ডের শীর্ষ লিগে টানা দশটি হোম ম্যাচে তিন কিংবা ততোধিক গোল করেছিল
অ্যাস্টন ভিলা। এবার সেই রেকর্ড ছুঁয়েছে সিটিজেনরা।
মূলত হালান্ডেই উড়ছে সিটি। হালান্ড এ নিয়ে সিটির জার্সিতে ১১ ম্যাচে
করলেন ১৯ গোল,
যার ১২টি
করেছেন সর্বশেষ পাঁচ ম্যাচে।
আজ জয়ের পর সিটির পয়েন্ট ১১ ম্যাচে ২৬, আর্সেনাল ১০ ম্যাচে ২৭
পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। রোববার সাউদাম্পটনের বিপক্ষে খেলবে
গানাররা। লিভারপুল ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে।










