মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামসহ সারা দেশের স্টেডিয়ামগুলোকে নিয়ে মহাপরিকল্পনা হাতে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলার চাপ সামাল দিতে দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত ২০টি আন্তর্জাতিক মানের মাঠ তৈরি করতে চায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমে এ নিয়ে কথা বলেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।
বর্তমানে মাঠগুলোতে খেলার চাপের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা বোর্ডে পরিকল্পনা করছি, সিলেট, খুলনা, রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম ও বরিশালের মতো প্রতিষ্ঠিত যে ভেন্যুগুলো রয়েছে সেখানে মাঠের বাইরেও আমাদের পরিকল্পনা একটা করে জমি কেনা। তাহলে প্রতিটি অঞ্চলিক পর্যায়ে যদি আমাদের ন্যূনতম দুটি করে মাঠ থাকে তবে ম্যাচের চাপ অনেকটা কাভার করা সম্ভব। আমাদের যদি ২০টির মতো আন্তর্জাতিক মানের মাঠ না থাকে তবে এই পরিমাণ খেলা পরিচালনা করা কোনোভাবেই সম্ভব না।
শেরেবাংলা স্টেডিয়ামে বাড়তি সেন্টার উইকেট তৈরি নিয়ে তিনি বলেন, অফ সিজনে আমরা কিছু কাজে হাত দেব। মিরপুরে আমরা আরো চারটা সেন্টার উইকেট তৈরি করব। এই সিরিজটা শেষ হওয়ার সাথে সাথেই আমরা কাজে হাত দেব। আমরা প্রতিটি স্টেডিয়ামকে ঘিরে একটা মাস্টারপ্লান হাতে নিচ্ছি, যেমনটি বোর্ড প্রেসিডেন্ট মহোদয় আগেই বলেছেন। এখানে মূল ম্যাচের পাশাপাশি অনুশীলনের সুযোগও বাড়বে।
ঢাকার বাইরের মাঠ নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আমরা এখন মাস্টার প্লানের অংশ হিসেবে রাজশাহী ও খুলনা স্টেডিয়ামে দেখব কী স্থাপনা সেখানে তৈরি করা যায়। সঙ্গে বগুড়াও। এই তিনটা ভেন্যুকে আমরা আপগ্রেড করব। আর মিরপুরে অতিরিক্ত উইকেট তৈরি হবে।
বোর্ডের এই অভিজ্ঞ পরিচালক আরো বলেন, আমাদের এই মাঠগুলো শুধুই আন্তর্জাতিক ম্যাচের জন্য নয়, এখানে ঘরোয়া ক্রিকেটও প্রচুর হয়। আমরা চাই প্রতিটি জেলায়, প্রতিটি বিভাগে যেন প্রতি বছর, প্রতি মৌসুমে লিগগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সেই খেলাগুলো হতে গেলে ঢাকার বাইরেও আমাদের বিভিন্ন জায়গায় স্থাপনা তৈরি করতে হবে। ইতোমধ্যে ঢাকায় আরো কিছু মাঠ ক্রয়ের ব্যাপারে আমরা কাজ শুরু করেছি এবং কিছু মাঠ পরিদর্শন করেছি। এই জমিগুলো যেহেতু ব্যক্তি খাতের, তাই এর দলিলগুলো আমরা যাচাই বাছাই করছি। যাচাই শেষ হলে হয়তো বোর্ডের আগামী বৈঠকে ক্রয়ের জন্য একটা পরিকল্পনা পেশ করব।
তিনি জানান, বিসিবির পরিকল্পনা ঢাকায় ছয়টি উন্নতমানের ভেনু করা। তাতে ঢাকায় যে খেলাগুলো হয় যেমন ঢাকা প্রিমিয়ার লিগ ও অন্যান্য লিগগুলো সুন্দরভাবে করা যাবে। ফতুল্লা নিয়ে আমরা স্ট্রাগল করছি। আমরা এ ভেন্যুটি নিয়ে সরকারের কাছে পরিকল্পনা উপস্থাপন করছি। ঠিক হয়ে গেলে সেখানে আমরা দুটি মাঠ পাব। আমরা পূর্বাচলে দুটি মাঠ করব। বিকেএসপি তো আছেই। আমরা এখন নতুন দুটি মাঠ করব, সেই পরিকল্পনা নিয়েই এগোচ্ছি।










