দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়ে নবম ফিফা নারী বিশ্বকাপে শুভসূচনা করেছে কলম্বিয়া। এই ম্যাচে হারলেও কোরিয়াকে আলোচনায় রেখেছেন ১৬ বছর বয়সী ক্যাসি ফাইর। সিডনিতে আজ মঙ্গলবার তিনি ৭৭ মিনিটে বদলি হিসেবে নেমে ইতিহাস গড়লেন। ১৬ বছর ২৬ দিন বয়সী এই কিশোরীই এখন নারী ও পুরুষ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার।

 

সিডনি ফুটবল স্টেডিয়ামে ৩০ মিনিটে কাতালিনা উসমে পেনাল্টি স্পট থেকে গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন। এর ৯ মিনিট পর ১৮ বছর বয়সী লিন্ডা কাইসেদো গোল ব্যবধান দ্বিগুণ করেন। কোরিয়ান গোলকিপার ইয়ুন ইয়ং-গিউলের ভুলেই দ্বিতীয় গোলটি পায় লাতিনরা।


 

এই দুটি গোলই কলম্বিয়াকে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় জয় এনে দেয়। আর কোরিয়ার জন্য সান্ত্বনার হয়ে থাকল শুধু ফাইরের ইতিহাস।

 

বিশ্বকাপে চারবার অংশ নিয়ে প্রতিবারই প্রথম ম্যাচটি হারল দক্ষিণ কোরিয়া। ‘এইচ’ গ্রুপ থেকে নকআউটে উঠতে এখন পরের ম্যাচটি তাদের জন্য বাঁচা-মরা। ৩০ জুলাই তারা নবাগত দল মরক্কোর মুখোমুখি হবে। ওইদিন জার্মানির মুখোমুখি হবে কলম্বিয়া। প্রথম ম্যাচে জার্মানি ৬-০ গোলে গুঁড়িয়ে দেয় কলম্বিয়াকে।

 

২০০৭ সালের ২৯ জুন দক্ষিণ কোরিয়ায় জন্ম ফাইরের। তার বাবা আমেরিকান ও মা কোরিয়ান। তার এক মাস বয়সে পরিবার চলে যায় যুক্তরাষ্ট্রে। নিউজার্সিতে তার বেড়ে ওঠা, সেখানকার ফুটবল একাডেমি পিডিএতে তিনি ফুটবল শিখেছেন। এবার মায়ের দেশের হয়ে গড়লেন ইতিহাস।

 

নাইজেরিয়ার ইফেয়ানি চিয়েজিনি ১৯৯৯ সালের বিশ্বকাপে ১৬ বছর ৩৪ দিন বয়সে মাঠে নেমে ইতিহাস গড়েছিলেন। আজ তাকে দুইয়ে ঠেলে নতুন ইতিহাস গড়লেন ক্যাসি ফাইর।

 

পুরুষদের বিশ্বকাপে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েন নর্দার্ন আয়ারল্যান্ডের স্ট্রাইকার নরম্যান হোয়াইটসাইড। ১৯৮২ সালের বিশ্বকাপে ১৭ বছর ৪০ দিন বয়সে খেলে রেকর্ড গড়েছিলেন তিনি।  

 

কোরিয়ার হারের পর ফাইরকে নিয়ে প্রশ্ন করা হলে দলটির কোচ কলিন বেল মজা করে বলেন, ‘অন্তত আমরা আজ একটি ইতিহাস তো গড়েছি।’ তিনি আরো বলেন, ‘ক্যাম্পে সে অসাধারণ ছিল। আসলে দল ২-০তে পিছিয়ে থাকা অবস্থানে মাঠে নেমে প্রভাব রাখা যেকোনো খেলোয়াড়ের জন্যই কঠিন। কিন্তু আমি চেয়েছি তার অভিজ্ঞতা হোক এবং দলকে এই বার্তা দিতে চেয়েছি যে, এই ধরণের খেলোয়াড়রাই ভবিষ্যত।’

 

এদিকে আজ ‘এ’ গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে এশিয়ার দল ফিলিপাইন। এবার যে আটট দল প্রথমবারের মতো খেলছে তাদের মধ্যে সবার আগে জয় পেল ফিলিপাইন। তাই জয় শেষে বুনো উল্লাসে মেতে ওঠেন ফিলিপিনো খেলোয়াড়রা।

২৪ মিনিটে সারিনা বোল্ডেন ফিলিপাইনের জয়সূচক গোলটি করেন। আগের ম্যাচে নরওয়েকে হারিয়ে চমকে দেয় নিউজিল্যান্ড। টানা দ্বিতীয় জয়ে নকআউটের কাছাকাছি চলে যাওয়ার সুযোগ হারাল তারা।