কাইল মায়ার্স, জেসন হোল্ডার ও রাহকিম কর্নওয়ালের ব্যাটে ফলোঅন এড়াল ওয়েস্ট ইন্ডিজ।
কিন্তু আজ বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষে স্বাগতিক শ্রীলংকাই এখন পর্যন্ত এগিয়ে আছে গল টেস্টে। আজ সাকল্যে ৩৮ ওভারের খেলা হয়েছে।
এরপর হানা দেয় বৃষ্টি। ৯ উইকেটে ২২৪ রানে দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। লংকানদের চেয়ে ১৬২ রান পিছিয়ে সফরকারীরা। জশুয়া দ্য সিলভা ১১ রানে অপরাজিত। শ্রীলংকা প্রথম ইনিংসে করে ৩৮৬ রান।
আগের দিন ১০০ রান তুলতেই ছয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। অতিথিরা পড়ে ফলোঅন শঙ্কায়। সেখান থেকে মায়ার্স ও হোল্ডারের ৬৩ রানের জুটিতে শঙ্কা কাটিয়ে ওঠে ক্যারিবিয়ানরা। দলীয় ১৬৩ রানের মাথায় মায়ার্স (৪৫) সাজঘরে ফেরেন। এরপরই ফেরেন হোল্ডার। ৩৬ রান আসে তার উইলো থেকে।
নবম উইকেটে কর্নওয়াল ও জশুয়া ৪৯ রানের জুটি গড়লে ক্যারিবিয়ানরা ফলোঅনের শঙ্কা এড়ায়। ২২৪ রানের মাথায় আউট হন কর্নওয়াল। তার ব্যাট থেকে আসে ৩৯ রান। এরপর শুরু হয়ে বৃষ্টি। শ্রীলংকান বোলারদের মধ্যে প্রবীন জয়াবিক্রমা ও রমেশ মেন্ডিস ৩টি করে উইকেট নেন।










