রাফায়েল নাদাল বিদায় নেয়ার পরদিন অস্ট্রেলিয়ান ওপেনে চোটে পড়লেন রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। যদিও চোট নিয়েই তিনি উঠে গেলেন তৃতীয় রাউন্ডে। আজ ফ্রান্সের কোয়ালিফায়ার এনজো কোউকাউদকে ৬-১, ৬-৭ (৫/৭), ৬-২, ৬-০ গেমে হারান সার্বিয়ান সুপারস্টার, যিনি গত বছর কভিড-১৯ টিকা নেননি বলে এই গ্র্যান্ডস্লাম আসরে খেলতেই পারেননি।

 

আজ ম্যাচ চলাকালেই ‘মেডিকেল টাইমআউট’ নিতে হয় জোকোভিচকে, যদিও এটি তার জয়কে বাধাগ্রস্ত করতে পারেনি।

 

এদিকে, গতবারের চ্যাম্পিয়ন নাদাল দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়ার পর আজ হেরে গেছেন দ্বিতীয় বাছাই ক্যাপসার রুড। গত বছর দুটি গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা রুড হেরেছেন যুক্তরাষ্ট্রের জেনসন ব্রুকসবাইর কাছে, আর ‘ওয়াইল্ডকার্ড’ নিয়ে খেলা অস্ট্রেলিয়ার অ্যালেক্সেই পপিরিনের কাছে হেরেছেন অষ্টম বাছাই টেইলর ফ্রিত্জ।

 

চোট থেকে ফেরা জার্মান খেলোয়াড় আলেক্সান্ডার জেভেরেভ দ্বিতীয় রাউন্ডে হেরেছেন আমেরিকান খেলোয়াড় মাইকেল এমমোহর কাছে। ২৫ বছর বয়সী এমমোহ জয় শেষে বলেছেন, তাকে বিমানের ফ্লাইট পাল্টাতে হবে, কেননা তিনি হেরে যাবেন ধরে নিয়েই টিকিট কেটে রেখেছিলেন!

 

পঞ্চম বাছাই রাশিয়ার আন্দ্রেই রুভলেভ অবশ্য কোনো অঘটনের শিকার হননি। তিনি হারিয়েছেন ফিনল্যান্ডের এমিল রুসুভুরিকে।

 

নারী এককে আজ বেলারুশের আরিনা সাবালেঙ্কা ও ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া জিতলেও চতুর্থ দিন চারজন বাছাই খেলোয়াড় বিদায় নিয়েছেন। ২০২১ সালের ইউএস ওপেন ফাইনালিস্ট কানাডার লেইলাহ ফার্নান্দেজকে হারান চতুর্থ বাছাই গার্সিয়া ও যুক্তরাষ্ট্রের শেলবি রজার্সকে হারান পঞ্চম বাছাই সাবালেঙ্কা।