আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে স্বপ্নের সূচনা করা বাংলাদেশের মেয়েরা আজ দ্বিতীয় ম্যাচে ১০ রানে হারিয়ে দিল শ্রীলংকাকে। বেনোনির উইলিমুরের ‘বি’ ফিল্ডে আগে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১৬৫ রান তোলে টাইগ্রেসরা। জবাবে সিংহলিজ নারীরা ৪ উইকেটে ১৫৫ রান তুলতে সমর্থ হয়। এই জয়ে সুপার সিক্স রাউন্ডে খেলা নিশ্চিত করল লাল-সবুজ জার্সিধারীরা।

 

আফিয়া প্রত্যাশা ও মিষ্টি সাহা বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন। ৬৭ বলে ৭৫ রান তুলে বিচ্ছিন্ন হন তারা। ঝড়ো ব্যাটিংয়ে ৪৩ বলে ৫৩ রান করে বোল্ড হন প্রত্যাশা। তিনি ইনিংসটি সাজান পাঁচটি চার ও তিনটি ছক্কায়। আফিয়া আউট হওয়ার পর একই ওভারে সাজঘরের পথ ধরেন মিষ্টি সাহা। ২৪ বলে ১৪ রান করেন তিনি।

 

এরপর আর কোনো উইকেটের পতন হয়নি বাংলাদেশের। তৃতীয় উইকেটে ৮৬ রান যোগ করে বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন স্বর্ণা আক্তার ও দিলারা আক্তার। স্বর্ণা ২৮ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৫০ এবং দিলারা ২৭ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৩৬ রান করেন।

 

২৪ রানের মধ্যে শ্রীলংকার দুই ওপেনারকে আউট করে বড় জয়ের সম্ভাবনা তৈরি করে বাংলাদেশ। যদিও তৃতীয় উইকেটে দেবমী বিহঙ্গ ও ভিস্মি গুণারত্নে ৯৬ রান যোগ করে ভালোই জবাব দেয় বাংলাদেশকে। বিহঙ্গ ৪৪ বলে ৫৫ রান করে আউট হয়ে গেলে ক্রমে ম্যাচ হেলে পড়ে বাংলাদেশের দিকে। এরপর অধিনায়ক ভিস্মি (৬০*) অন্যদের নিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করে গেলেও ১৬৬ রান তাড়া করে জেতাতে পারেননি দলকে।

 

এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ১৬টি দল। চারটি গ্রুপে ভাগ হয়ে খেলছে দলগুলো। ‘এ’ গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। প্রতি গ্রুপের শীর্ষ তিনটি করে দল উঠবে সুপার সিক্স রাউন্ডে। সেখানে দুটি গ্রুপে খেলবে ১২টি দল।