বিসিবি একাদশ ও সফররত শ্রীলংকা ক্রিকেট দলের মধ্যকার দুইদিনের
প্রস্তুতি ম্যাচে বৃষ্টি বাধায় প্রথম দিন খেলা হয় মাত্র ৮.৩ ওভার। বেরসিক বৃষ্টির
কারণে আজ বুধবার দ্বিতীয় দিন খেলা হয়েছে মাত্র ৯.৫ ওভার। সব মিলিয়ে ১৮.২ ওভারেই
শেষ হয়েছে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। তাতে প্রস্তুতির ঘাটতি থাকল অতিথি দলের
খেলোয়াড় ও বাংলাদেশ টেস্ট দলে থাকা কয়েকজন ক্রিকেটারের।
মূলত ঘূর্ণিঝড় অশনির প্রভাবে দফায় দফায় বৃষ্টি হওয়ায় ম্যাচটি সম্পন্ন
হতে পারেনি। সাভারে বিএকেএসপির ৩ নম্বর মাঠে শ্রীলংকার ১ উইকেটে ৫০ রানে শেষ হলো
দুই দিনের প্রস্তুতি ম্যাচ। ওশাদা ফার্নান্দো ৬৮ বলে ২৬ ও কুশল মেন্ডিস ২৪ বলে ২২
রানে অপরাজিত থাকেন। প্রথম দিন ম্যাচের ষষ্ঠ ওভারে দিমুথ করুণারত্নকে ব্যক্তিগত ২
রান ফেরান পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ।
বাংলাদেশের মূল দলের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে লংকান ক্রিকেটারদের
ঝালিয়ে নেয়ার সুযোগ ছিল প্রস্তুতি ম্যাচে। কিন্তু বৃষ্টির কারণে প্রস্তুতিটা ভালো
হলো না সফরকারীদের। শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলে ডাক পাওয়াদের
মধ্যে একমাত্র মোসাদ্দেক হোসেন ছিলেন প্রস্তুতি ম্যাচের দলে। যদিও তাকে ফিল্ডিংয়ে
দেখা যায়নি।
আগামীকাল প্রথম টেস্টের জন্য চট্টগ্রামে যাবে শ্রীলংকা ক্রিকেট দল।
সেখানে দুই দিন অনুশীলন করবে অতিথি দলটি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার
শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৩ মে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।










