ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশর অবস্থান শেষের দিকেই ১৮৭। প্রতিদ্বন্দ্বী সিশেলসের অবস্থান আরো নিচে ১৯৯তম স্থানে। তবু অপেক্ষাকৃত দুর্বল দলের সাথে জিততে পারেনি বাংলাদেশ। আজ বুধবার শ্রীলংকার রাজধানী কলম্বোর রেসকোর্স মাঠে অনুষ্ঠিত প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে চার জাতি টুর্নামেন্টে সিশেলসের সাথে ১-১ গোল ড্র করেছেন জামাল ভূঁইয়ারা। 

আক্রমণাত্মক ফুটবল খেলেই সিশেলসকে চাপে রাখার কৌশল নেয় বাংলাদেশের ফুটবলাররা। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই ফলও পায় তারা। ১৭তম মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মারিও লেমোসের শিষ্যরা। প্রথমার্ধে আর কোনো গোল পায়নি দুদল। দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে দুর্বল সিশেলেস। বাংলাদেশের রক্ষণভাগে ভেদ করে আক্রমণ শাণাতে থাকে তারা। বেশ কয়েকটি সুযোগ মিস করলেও দলটি কাঙ্খিত গোলের দেখা পেয়ে যায় শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে। ম্যাচ শেষের মাত্র তিন মিনিট আগে রশিদ ড্যান ল্যাবরোসের গোলে জয়ের সমান ড্র পায় পূর্ব আফ্রিকার ছোট্ট এই দেশ। 

অপেক্ষাকৃত দুর্বল দলের সাথে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দল প্রথম ম্যাচেই ধাক্কা খেলো। জামাল-তপুদের সামনে আরো কঠিন চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে টুর্নামেন্টের বাকি দুই দল মালদ্বীপ ও শ্রীলংকা।