গত মাসে কাঁধের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষ না করেই দেশে ফিরছিলেন তাসকিন আহমেদ। যার কারণে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেই বাংলাদেশী পেসার। সুস্থ হয়ে আবারো মাঠে ফিরতে চিকিৎসার জন্য গেছেন ইংল্যান্ডে। কথা শোনা যাচ্ছিল কাঁধের অস্ত্রোপচার নিয়েও। কিন্তু পরীক্ষার পর লন্ডনের চিকিৎসক জানিয়েছেন, আপাতত কাঁধের অস্ত্রোপচার করা লাগবে না তাসকিনের। তবে ভবিষ্যতে লাগতেও পারে অপারেশন।

গত বুধবার এমআরআইসহ তাসকিনের তিনটি পরীক্ষা করা হয়। রিপোর্ট পেয়ে তাসকিন গণমাধ্যমকে জানালেন, হালকা সমস্যা থাকলেও অস্ত্রোপচার লাগছে না।

তাসকিন বলেন, ট্যান্ডিনোপ্যাথিতে (কাঁধ) হালকা সমস্যা আছে। এখন ইনজেকশন ও রিহ্যাবের মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। যদি এর মাধ্যমে ঠিক না হয় এবং ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দেয় তাহলে অপারেশন লাগবে।

তবে এই রিহ্যাব প্রক্রিয়া কতদিনের, লন্ডনে হবে নাকি ঢাকায় তা এখনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন তাসকিন। তিনিও অস্ত্রোপচার লাগবে না বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে ভবিষ্যত পরিকল্পনা বিসিবির সঙ্গে পরামর্শের পর ঠিক করা হবে বলে জানান দেবাশীষ।

তিনি বলেন, আমরা এখন সব তথ্য (রিপোর্ট) জোগাড় করছি চিকিৎসকদের কাছ থেকে। এরপর ক্রিকেট বোর্ডের সঙ্গে পরামর্শ করে রিহ্যাবের পরিকল্পনা ঠিক করা হবে।