সাতবারের ব্যালন ডি'অর চ্যাম্পিয়ন লিওনেল মেসি আর পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর দেখা হলো মরুর শহর রিয়াদে। কিং ফাহাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হয় সৌদি আরবের আল নাসর ও আল হিলালের খেলোয়াড় নিয়ে গড়া দল রিয়াদ অল স্টারস।
এই ম্যাচে সৌদি আরবে অভিষেক হলো রোনালদোর, যিনি বিশ্বকাপ শেষে বছরে ২০ কোটি ডলার বেতনে যোগ দেন আল নাসর ক্লাবে।
এই প্রীতি ম্যাচে ৫-৪ গোলের জয় তুলে নিয়েছে পিএসজি। তবে রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিয়েছে দুই দল। কী ছিল না ম্যাচে। প্রথমার্ধে লাল কার্ড দেখেন পিএসজির হুয়ান বারনাত। গোল করেন মেসি ও রোনালদো দুজনেই। মেসি শুরুর দিকেই গোল করেন।
নেইমার পেনাল্টি মিস করেন। পরে রোনালদো জোড়া গোলে সমতা আনেন। যদিও পরে আরো তিন গোল করে পিএসজি। শেষ দিকে এক গোল পরিশোধ করে স্বাগতিক দলটি।










