থাইল্যান্ডে চলমান প্রথম নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে গতকাল নিজেদের পঞ্চম ম্যাচে পাকিস্তানকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপার কাছাকাছি পৌঁছে গেল বাংলাদেশ।
অধিনায়ক সাবিনা খাতুন একাই করেন ৪ গোল। এছাড়া কৃষ্ণা রানী সরকার ও নওসুন জাহান উভয়ই জোড়া গোল এবং নিলুফা ইয়াসমিন নিলা একটি গোল করেন। আসরে সর্বোচ্চ ১০ গোল করেছেন সাবিনা। দ্বিতীয় সর্বোচ্চ ৬ গোল করেছেন ভারতের দিতি কানুনগো।
সাত দলের এ আসরে পাঁচ ম্যাচ থেকে বাংলাদেশ ১৩ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে ভুটান, যারা গতকাল রাতে ২-১ গোলে ভারতকে হারিয়ে দেয়। পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে ভারত।
আগামীকাল শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে শিরোপা নিশ্চিত করার সুযোগ পাবে বাংলাদেশ। শেষদিন ভুটান খেলবে নেপালের বিপক্ষে, আর ভারতের প্রতিপক্ষ শ্রীলংকা। ভারতের আর শিরোপা জেতার সুযোগ নেই।










