আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডিতে আজ সোমবার রাচিন রবীন্দ্রর রাজসিক সেঞ্চুরিতে ভর করে নাজমুল হোসেন শান্তর দলকে ৫ উইকেটে হারায় কিউইরা। এই জয়ে ভারতকে নিয়েই শেষ চারের টিকিট কাটল মিচেল স্যান্টনারের দল। বাংলাদেশের সঙ্গে বিদায় নিল স্বাগতিক পাকিস্তান।

২০২৩ বিশ্বকাপের তারকা রাচিন রবীন্দ্র দারুণ এক সেঞ্চুরিতে হারিয়ে দেন বাংলাদেশকে। ৭২ রানে ৩ উইকেট পতনের পর টম ল্যাথামকে সঙ্গে নিয়ে ১২৯ রানের জুটি গড়ে তিনিই কিউইদের জয়ে নেতৃত্ব দেন।

নাহিদ রানার বলে ৯৩ রানে ক্যাচ দিয়েছিলেন রাচিন, যদি তা তালুবন্দি করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। পরে আরো ১৯ রান যোগ করেন তিনি। এ পথে করেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ১০৫ বলে ১২ বাউন্ডারি ও ১ ছক্কায় ১১২ রানের ইনিংস খেলে রিশাদ হোসেনের শিকার হয়েছেন রাচিন। একটু পরই সরাসরি থ্রোতে ল্যাথামকে রানআউট করেন মাহমুদউল্লাহ (২১৪/৫)।

shanto 24

শেষ মুহূর্তের এই বোলিং সাফল্য বাংলাদেশের আক্ষেপই বাড়িয়েছে কেবল। ২৩৬ রানের পুঁজি নিয়ে শেষ পর্যন্ত হারানো যায়নি কিউইদের। গ্লেন ফিলিপস (২১*) ও মাইকেল ব্রেসওয়েল (১১*) কিউইদের ২৩ বল বাকি থাকতে জয় এনে দেন।

এর আগে ব্রেসওয়েলের (৪/২৬) ঘূর্ণিতে বিপর্যস্ত বাংলাদেশ ৯ উইকেটে ২৩৬ রান তুলতে সমর্থ হয়। অধিনায়ক শান্ত ১১০ বলে ৭৭ রানের লড়াকু ইনিংস খেলেন। এছাড়া জাকের আলী ৫৫ বলে ৩৪, রিশাদ হোসেন ২৫ বলে ২৬ ও তানজিদ হাসান তামিম ২৪ বলে ২৪ রান করেন। তবে এই রান জয়ের জন্য মোটেও যথেষ্ট ছিল না।