একাদশ বিপিএলের ফাইনালের দিনই প্রাইজমানি বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ঘোষণা অনুযায়ী এবার চ্যাম্পিয়ন, রানার্সআপ দলসহ সবাই আগের মৌসুমের চেয়ে বেশি প্রাইজমানি পেয়েছে। এবার চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল পেয়েছে আড়াই কোটি টাকা ও রানার্সআপ চট্টগ্রাম কিংস পেয়েছে দেড় কোটি টাকার প্রাইজমানি। গত আসরে চ্যাম্পিয়নরা দুই কোটি ও রানার্সআপ দল এক কোটি টাকা পেয়েছে।
তৃতীয় স্থানধারী দল খুলনা টাইগার্স ৬০ লাখ টাকা পেয়েছে। এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের কাছে পরাজিত রংপুর রাইডার্স চতুর্থ হয়েছে এবার। এ হিসেবে নুরুল হাসান সোহানের দল পেয়েছে ৪০ লাখ টাকার প্রাইজমানি। এছাড়া ফাইনালের সেরা খেলোয়াড় হিসেবে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল পেয়েছেন ৫ লাখ টাকা। তিনি ২৯ বলে ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৪ রান করে ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান। টুর্নামেন্টসেরা খেলোয়াড় হিসেবে খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজ পেয়েছেন ১০ লাখ টাকা। তিনি ৩৫৫ রান করার পাশাপাশি নিয়েছেন ১৩ উইকেট।
সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে খুলনা টাইগার্সের ওপেনার মোহাম্মদ নাঈম শেখ পেয়েছেন ৫ লাখ টাকা। বামহাতি এই ব্যাটার ৫১১ রান করেছেন। সর্বোচ্চ উইকেটশিকারি বোলার হিসেবে দুর্দান্ত রাজশাহীর পেস বোলার তাসকিন আহমেদ ৫ লাখ টাকার প্রাইজমানি পেয়েছেন। এবারই প্রথম চালু হওয়া ‘সেরা উদীয়মান খেলোয়াড়’ হয়েছেন ঢাকা ক্যাপিটালের তানজিদ হাসান তামিম। তিনি ৪৮৫ রান করে ৩ লাখ টাকা ও সেরা ফিল্ডার ফরচুন বরিশালের উইকেটকিপার মুশফিকুর রহিম ৩ লাখ টাকা প্রাইজমানি পেয়েছেন। ১২টি ক্যাচ ও দুটি স্টাম্পিং করার কৃতিত্ব দেখান মুশফিক।
সব মিলিয়ে এবার ৫ কোটি ৩১ লাখ টাকার প্রাইজমানি দিয়েছে বিসিবি। গত আসরের তুলনায় এবার প্রাইজমানি বাড়ানো হয়েছে ২ কোটি ৩ লাখ টাকা।
বিপিএল ২০২৫: কে কী পুরস্কার পেলেন
চ্যাম্পিয়ন: ফরচুন বরিশাল
রানার্সআপ: চট্টগ্রাম কিংস
ফাইনাল সেরা: তামিম ইকবাল
টুর্নামেন্ট সেরা: মেহেদী হাসান মিরাজ
উদীয়মান সেরা: তানজিদ হাসান তামিম
সেরা ব্যাটার: মোহাম্মদ নাঈম শেখ
সেরা বোলার: তাসকিন আহমেদ
সেরা ফিল্ডার: মুশফিকুর রহিম










