ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী সব সেক্টরে চলছে পরিবর্তন। পরিবর্তনের ডাক ক্রীড়াঙ্গনেও। ক্রিকেট, হকি, ফুটবল—সর্বত্রই শীর্ষ পদধারীদের বিদায়ের দাবি জোরালো হচ্ছে। ক্রিকেট বোর্ড থেকে নাজমুল হাসান পাপনসহ বেশকিছু পরিচালকের বিদায় চেয়ে একাধিকবার বিক্ষোভ হয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিনেরও পদত্যাগ চেয়ে বিক্ষোভ হয়েছে। বিসিবির সভাপতি পাপন বলেছেন, তিনি পদত্যাগ করবেন। যদিও সালাহউদ্দিন নিজের পদ ছাড়তে নারাজ। এমনকি পঞ্চমবারের মতো বাফুফের সভাপতি পদে নির্বাচন করার ঘোষণাও দিয়েছেন।
সর্বশেষ গতকাল বাফুফে ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো। সেখানে সালাহউদ্দিন-কিরণের পদত্যাগ চাওয়ার পাশাপাশি ফুটবলের নানা দুর্দশার চিত্র তুলে ধরা হয়।
বাফুফে ভবনের চারতলায় নারী ফুটবলারদের আবাসিক ক্যাম্প। সেখানে মেয়েদের নির্যাতনের অভিযোগ করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক ডালিয়া আক্তার। তিনি বাংলাদেশ নারী হ্যান্ডবল দলেরও সাবেক অধিনায়ক! গতকালের বিক্ষোভ সমাবেশে ডালিয়া বলেন, ‘বাফুফে ভবনের চারতলায় মেয়েদের রাখা হয়েছে, এটা যেন বন্দিশালা। মেয়েরা কী খাচ্ছে, জানতে দেয়া হয় না। মেয়েদের কথা বলতে দেয়া হয় না। এ মেয়েরা একদিন এই ভবন থেকে বেরিয়ে হয়তো সত্যটা প্রকাশ করবে।’
ফুটবল ও হ্যান্ডবলের সাবেক কৃতী খেলোয়াড় ডালিয়া বলেন, ‘তারা বাফুফেতে একনায়কতন্ত্র কায়েম করেছে। পদ আঁকড়ে ধরে আছে। অবিলম্বে তাদের বিদায় নিতে হবে। যোগ্যদের সুযোগ দিতে হবে। তারা সব কুক্ষিগত করে রেখেছে। আপনি (মাহফুজা আক্তার) চুরি ছাড়া আর কিছু করেননি। কত টাকা মেরে খেয়েছেন? এবার পদ থেকে সরে যান।’
জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক সাবেক ব্যাডমিন্টন তারকা কামরুন নাহার ডানা বলেন, ‘ফুটবল ফেডারেশন যেন সালাহউদ্দিন-কিরণের ফেডারেশন। উনি (সালাহউদ্দিন) নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করেননি। বাফুফেতে রাজনৈতিকীকরণ হয়েছে, দুর্নীতি হয়েছে। আমরা ফুটবলের বৃহত্তর স্বার্থে পরিবর্তন চাই। আমরা আশা করব, বাফুফেকে ঢেলে সাজানো হবে।’
এদিকে, ক্রীড়াঙ্গনকে অবিলম্বে দলীয়করণমুক্ত করার দাবি উঠেছে। আর এ দাবিতে সম্প্রতি পল্টন জাতীয় ক্রীড়া পরিষদের সামনে মানববন্ধন করেছেন গত ১৫ বছরে ক্রীড়া ফেডারেশনের ‘বঞ্চিতরা’। বিএনপির কেন্দ্রীয় নেতা ও ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবীর খোকন, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সভাপতি আবদুস সালাম ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এ সময় বক্তব্য রাখেন।
মানববন্ধনে সাবেক ফুটবলার ছাইদ হাসান কানন, সাবেক অ্যাথলিট রাজিয়া সুলতানা অনু, মিলজার হোসেন, মাহবুবা বেলী, নেলী জেসমিন, আখেরুন নেছা, খুরশিদা খুশি, সাঁতার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে সাত দফা দাবি নিয়ে গতকাল বাফুফে ভবনের সামনে ‘প্রফেশনাল ফুটবল খেলোয়াড়বৃন্দ’-এর ব্যানারে মানববন্ধন করেছেন প্রিমিয়ার লিগের ৪০-৪৫ জন ফুটবলার। মানববন্ধনে অংশ নেন আশরাফুল ইসলাম, রায়হান হাসান, শহিদুল আলম, রেজাউল করিম, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইমন বাবু, তৌহিদুল আলম প্রমুখ ফুটবলার।
পরে বাফুফে ভবনের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে সাত দফা দাবি পড়ে শোনান রেজাউল করিম। দাবি পূরণে ফুটবলাররা আজ বেলা ২টায় বাফুফে ভবনের সামনে আবারো সমাবেশ করার ঘোষণা দিয়েছেন। তাতে উপস্থিত থাকবেন সাবেক ফুটবলাররাও।










