বাংলাদেশের ক্রিকেটের জন্য সুখবরই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১ ডিসেম্বর ঢাকায় পৌঁছবে ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

এর আগে সর্বশেষ ২০১৫ সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারতীয়রা। সেবার একমাত্র টেস্টটি ড্র হয় আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১-এ জিতে নেয় স্বাগতিক বাংলাদেশ। অবশ্য ২০১৬ সালে বাংলাদেশের মাটিতে এশিয়া কাপ টি২০তে খেলে গেছে ভারত, যে আসরের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এমএস ধোনির দল। তবে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সাত বছর পর আসছে তারা।

ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে ভারতের সফর। ৪, ৭ ও ১০ ডিসেম্বর ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে রোহিত শর্মার ভারত।

এরপর লড়াই চলে যাবে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৪ থেকে ১৮ ডিসেম্বর। এরপর ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট ২২ থেকে ২৬ ডিসেম্বর। ভারতীয় ক্রিকেট দল ঢাকা ছেড়ে যাবে ২৭ ডিসেম্বর। 

সিরিজের দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, যেখানে ভারত ৫২ দশমিক শূন্য ৮ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে, আর বাংলাদেশ ১৩ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে অবস্থান করছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে ভারতের জন্য সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। ওভালে ২০২৩ সালের জুনে ফাইনাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের হোম সিরিজ খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ওই সিরিজটা অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ফেব্রুয়ারি-মার্চে।

সব মিলিয়ে এখন পর্যন্ত ১১ টেস্টে মুখোমুখি হয়ে কোনো জয় নেই বাংলাদেশের, ভারত জিতেছে ৯টি। বাংলাদেশের অর্জন দুটি ড্র। এবারের দুটি টেস্ট তাই বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। কেননা হোম কন্ডিশনে ভারতকে হারানোর চেষ্টা করতেই পারে সাকিব আল হাসানের দল।

উল্লেখ্য, ২০০০ সালের ১০-১৩ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট খেলে ভারতের বিপক্ষে, যে টেস্টে অতিথিরা ৯ উইকেটের জয় পায়। ২০০০ সালে টেস্ট মর্যাদা পেলেও ২০১৭ সালে প্রথমবারের মতো বাংলাদেশকে টেস্ট সিরিজে আতিথ্য দেয় ভারত। যদিও ২০১৭ ও ২০১৯ সালে ভারতে তিনটি টেস্ট খেলে সবগুলোতেই বড় হারের মুখে পড়ে বাংলাদেশ। হায়দরাবাদে ২০৮ রানে, ইন্দোরে ইনিংস ও ১৩০ রানে এবং কলকাতায় ইনিংস ও ৪৬ রানের জয় তুলে নেয় বিশ্বের অন্যতম শক্তিশালী দল ভারত।

ওয়ানডেতে ৩৬ বারের মোকাবেলায় ভারত ৩০টিতে ও বাংলাদেশ ৫টিতে জিতেছে, একটি ম্যাচ পরিত্যক্ত হয়। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ। দ্বিতীয় জয় আসে ২০০৭ সালের বিশ্বকাপে, পোর্ট অব স্পেনে। এছাড়া ২০১২ ও ২০১৫ সালে তিনটি জয়ই আসে ঢাকায়। এই পাঁচটির মধ্যে সবচেয়ে স্মরণীয় ২০০৭ সালের বিশ্বকাপে আসা জয়। ভারতকে ১৯১ রানে গুটিয়ে দিয়ে ৫ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। ৪৮ রানে চার উইকেট তুলে নিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। এছাড়া আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ রফিক নিয়েছিলেন সমান তিনটি করে উইকেট।

টি২০তে ১১ বারের মোকাবেলায় বাংলাদেশ একটি জয় তুলে নিতে সমর্থ হয়, আর ভারত জিতেছে ১০টি। বাংলাদেশের একমাত্র জয়টি এসেছে ২০১৯ সালে দিল্লিতে।