প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়ল স্পেনের মেয়েরা। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) নিউজিল্যান্ডের শহর অকল্যান্ডের এডেন পার্কে নবম নারী বিশ্বকাপ আসরের প্রথম সেমিফাইনালে তারা ২-১ গোলে হারায় বিশ্বের দ্বিতীয় র‍্যাংকধারী দল সুইডেনকে।

 

আগামীকাল বুধবার দুপুরে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ওই ম্যাচের বিজয়ী ফাইনালে খেলবে স্পেনের বিপক্ষে।

 

এটা ছিল সুইডেনের পঞ্চম ও টানা দ্বিতীয় সেমিফাইনাল, আর স্পেনের প্রথম সেমিফাইনাল। যদিও ম্যাচে আধিপত্য করে স্পেনই। শুধু গোল পাচ্ছিল না লা রোজারা। প্রথমার্ধ ছিল গোলশূন্য। বদলি খেলেয়াড় ১৯ বছর বয়সী সালমা পালালুয়েলো ডেডভক ভাঙেন ৮১ মিনিটে। ৮৮ মিনিটে রেবেকা ব্লোমকিভিস্ট সুইডেনের হয়ে সমতা আনলে প্রাণ ফেরে ম্যাচে। যদিও মাত্র ৯৩ সেকেন্ড সমতা স্থায়ী ছিল। ৮৯ মিনিটে স্পেন অধিনায়ক ওলগা কারমোনার অবিশ্বাস্য এক বুলেট গতির শট লক্ষ্যভেদ করলে ঐতিহাসিক জয় নিশ্চিত হয় স্পেনের। অর্থ্যাৎ প্রথম সেমিফাইনালের তিনটি গোলই আসে শেষ ১০ মিনিটে।

 

নরওয়ের ইসাবেল হারলাভসেন (১৯ বছর ৯৫  দিন) ও জার্মানির ফাতমিরে বাজরামাজের (১৯ বছর ১৭৮ দিন) পর প্রথম টিনএজ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার কৃতিত্ব দেখালেন স্পেনের ১৯ বছর ২৭৫ দিন বয়সী পারালুয়েলো। তিনি ৫৭ মিনিটে বদলি হিসেবে নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।  


 

নারী বিশ্বকাপে নবম আসরের মধ্যে প্রথম ছয় আসরেই খেলার সুযোগ পায়নি স্পেন। ২০১৫ সালে যখন প্রথমবার বৈশ্বিক আসরে খেলার সুযোগ মিলল, সেই থেকে ধীরে ধীরে উন্নতি করে বিশ্ব এলিটদের কাতারে উঠে যেতে থাকল। তারই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলমান ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনাল ও ফাইনালে উঠে ইতিহাস গড়ল ‘লা রোজা’রা।

 

২০১৫ সালে বিশ্বকাপ অভিষেকে ড্র করে প্রথম পয়েন্ট পায় স্পেন। পরের আসরে নকআউট পর্বে উঠলেও যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিদায় নেয় তারা। সেবার যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় ও সব মিলে চতুর্থ বিশ্বকাপ ঘরে তোলে। এবার নিজেদের তৃতীয় বিশ্বকাপ খেলছে স্পেন। তিনবারের চেষ্টাতেই এখন শিরোপার কাছাকাছি পৌঁছে গেছেন কারমোনা ও তার দল। তাদের সামনে এখন শিরোপার হাতছানি।

 

বড় কোনো আসরে ১৯৯৭ সালের পর এটাই স্পেনের প্রথম সেমিফাইনাল। ১৯৯৭ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলে তারা। ইতিহাস গড়ে চলা স্পেনের সামনে টিকতে পারল না ফুটবলের পরাশক্তি সুইডেন।

 

বিশ্বের দ্বিতীয় র‍্যাংকধারী সুইডিশরা পঞ্চমবারের মতো বিশ্বকাপ সেমিফাইনাল খেলল। তারা ২০০৩ আসরের রানার্সআপ। তিনবার হয়েছে তৃতীয়। সুইডেন। দুই বছর আগে টোকিও অলিম্পিকে স্বর্ণের ম্যাচে তারা হেরে যায় কানাডার কাছে।