ওমানের আল এমারাতে চলমান এসিসি মেনস টি-টোয়েন্টি ইমার্জিং টিমস এশিয়া কাপে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে হংকং। জবাব দিতে নেমে বাংলাদশে ‘এ’ দল ১৮.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
হংকংয়ের বাবর হায়াত ৬১ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া অধিনায়ক নিজাকাত খান করেন ২০ বলে ২৫ রান। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে রিপন মন্ডল ২৪ রানে চারটি উইকেট নেন। এছাড়া মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা ও আবু হায়দার রনি একটি করে উইকেট নেন। রনি ৪ ওভারে খরচ করেন ৪৪ রান, যা বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৪৩ রান দিয়েছিলেন পেসার শরিফুল ইসলাম।
জবাবে অধিনায়ক আকবর আলী (২৪ বলে ৪৫), তাওহীদ হৃদয় (২২ বলে ২৯), পারভেজ হোসেন ইমন (২৬ বলে ২৮) ও শামীম হোসেনের (১৫ বলে ১৯*) ব্যাটে ভর করে সহজ জয় পায় বাংলাদেশ।
ইমার্জিং টিমস এশিয়া কাপের এটা ষষ্ঠ আসর। এবার ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তানের ‘এ’ দল এবং কোয়ালিফায়ার হিসেবে ওমান, সংযুক্ত আরব আমিরাত ও হংকং অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, শ্রীলংকা ও আফগানিস্তান। আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তান ‘এ’ দল। রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের সঙ্গে খেলবেন আকবর আলীরা।










