আগামী জুন পর্যন্ত পিএসজির সাথে চুক্তি আছে কিলিয়ান এমবাপ্পের। গুঞ্জন ছিল, সুযোগ থাকায় জানুয়ারিতেই (শীতকালীন দলবদলে) পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তিনি। তবে আপাতত হতাশ হতে হচ্ছে লস ব্লাঙ্কোস ভক্তদের। কারণ ফরাসি ফরোয়ার্ড জানিয়েছেন, মৌসুমের মাঝপথে পিএসজি ছাড়বেন না তিনি। পিএসজির খেলে যাবেন পুরো মৌসুম।

চলমান মৌসুমে পিএসজির জন্য সবকিছু করতে প্রস্তুত এমবাপ্পে। সিএনএনকে দেয়া সাক্ষাত্কারে তিনি বলেন, আমি জানুয়ারিতে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছি না। এমন কোনো সম্ভাবনা নেই। আপাতত প্যারিসেই থেকে যাচ্ছি। পিএসজিতে আমি খুব সুখি। এটা শতভাগ নিশ্চিত যে, পিএসজির খেলোয়াড় হিসেবে এই মৌসুম শেষ করবো। এ বছর পিএসজির জন্য সবকিছু করবো।

এমবাপ্পে মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদে যোগ দিতে চেয়েছিলেন বলে গুঞ্জন ওঠে। ফরাসি স্ট্রাইকার জানালেন, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়, মৌসুমের শুরুতে যা ঘটেছে এজন্য আমার আফসোস হয় না। আমার কোনো কিছুতেই আফসোস নেই। কারণ আমি আমার দিক থেকে সত্। মাথায় যেটা ছিল তাই বলেছি। এটা আমার অনুভূতির বিষয়। তাই কেউ আমার সমালোচনা করতে পারবে না।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে পিএসজিকে কোয়ার্টার ফাইনালে তুলতে চান এমবাপ্পে, জুনে রিয়াল মাদ্রিদে যাবো কি-না এই বিষয়ে কথা বলার জন্য এটা উপযুক্ত সময় নয়। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারাতে চাই। এটাই এখন আসল বিষয়। পিএসজির জন্য সবকিছু করতে আমরা সবাই প্রস্তুত।