ইরাকে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি ‘স্টেজ টু’ থেকে চারটি রৌপ্য ও সমানসংখ্যক ব্রোঞ্জ পদক নিয়ে আসর শেষ করেছে বাংলাদেশের প্রতিযোগীরা। আজ বুধবার ইরাকের সুলাইমানিয়া শহরে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ পদক জয়ের মিশনে নামেন বাংলাদেশের আর্চার রোমান সানা। কিন্তু ভারতের মৃণাল চৌহানের কাছে ৬-২ সেটে হেরে যান তিনি।

 

প্রথম সেটে রোমান ২৬-২৮ পয়েন্টে হেরে যান। পরের দুই সেট ড্র করেন। চতুর্থ সেটে রোমান খুব খারাপ করেন। ত্রিশের মধ্যে তিনি করেন মাত্র ২৫ আর মৃণাল তুলে নেন ২৯ পয়েন্ট। চতুর্থ সেটেই ৬-২ ব্যবধান হয়ে যাওয়ায় আর পঞ্চম সেটের প্রয়োজন হয়নি।

 

এর আগে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে সোনা জিততে পারেননি রোমান সানা, হাকিম আহমেদ এবং আবদুর রহমানের বাংলাদেশ দল। ফাইনালে বাংলাদেশকে ৫-১ সেট পয়েন্টে হারিয়েছে ভারত।

 

বিকেলে রিকার্ভ নারী ব্যক্তিগত ইভেন্টের ব্রোঞ্জ লড়াই ছিল দিয়া সিদ্দিকী ও বিউটি রায়ের মধ্যে। দুজনই বাংলাদেশি প্রতিযোগী। ব্রোঞ্জ লড়াইয়ে দিয়া সিদ্দিকী ৭-১ সেট পয়েন্টে বিউটি রায়কে হারান। চার সেটের মধ্যে বিউটি কোনোটিতেই জিততে পারেননি। একটিতে ড্র করেন মাত্র।

 

থাইল্যান্ডে এশিয়া কাপ আর্চারির স্টেজ ওয়ানে বাংলাদেশ তিনটি সোনা ও একটি রৌপ্য পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এবার এশিয়া কাপ আর্চারি স্টেজ টুতে কোনো স্বর্ণ জিততে পারেনি লাল-সবুজরা। চারটি রৌপ্য ও ব্রোঞ্জ জিতে এই টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ।