মনকাড়া সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পর্দা নেমে গেল বেইজিং শীতকালীন
অলিম্পিকের। দুই সপ্তাহের এই আসরে ১৫ ডিসিপ্লিনে ১০৯টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা
করেন প্রায় ৩ হাজার অ্যাথলিট।
খেলোয়াড়রা যে
‘সংহতি ও
শান্তির দৃষ্টান্ত’ স্থাপন করেছেন তা থেকে বিশ্বের
রাজনৈতিক নেতৃবৃন্দকে অনুপ্রেরণা খোঁজার পরামর্শ দিলেন আন্তর্জাতিক অলিম্পিক
কমিটির (আইওসি) প্রেসিডেন্ট টমাস বাখ। এই জার্মান
নাগরিক বলেন,
যে সামরিক
বাহিনী আমাদের বিভক্ত করতে চায় তার চেয়ে অলিম্পিকের এই ঐক্য বেশি শক্তিশালী।
তিনি অ্যাথলিটদের নানাভাবে উত্সাহ জোগানোর পাশাপাশি কভিড-১৯ প্রতিরোধী টিকা গ্রহণেরও আহ্বান
জানিয়েছেন। তিনি বলেন,
আমরা যদি
পরিশেষে এই মহামারীকে পরাস্ত করতে চাই, তবে আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। টিকাগ্রহণ মানে একে অপরের প্রতি
যত্ন ও ভালোবাসা প্রদর্শন। অলিম্পিকের এই সংহতির মতোই আমরা বিশ্ব সম্প্রদায়কে
আহ্বান জানাব:
বিশ্বব্যাপী
সবার জন্য টিকার সমান অধিকার নিশ্চিত করুন।
বেইজিং অলিম্পিকের মশাল নিভে গেল। এবার অপেক্ষা ২০২৬ আসরের, যা অনুষ্ঠিত হবে ইতালির মিলান-করটিনায়।
এবারের আসরে ১৬টি স্বর্ণসহ ৩৭টি পদক জিতে শ্রেষ্ঠত্ব দেখায় নরওয়ে। এরপর
জার্মানি
(১২ স্বর্ণসহ ২৭
পদক), চীন (৯ স্বর্ণসহ ১৫ পদক) , যুক্তরাষ্ট্র (৮ স্বর্ণসহ ২৫ পদক) ও সুইডেন (৮ স্বর্ণসহ ১৮ পদক)।










