ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে শনিবার ওয়াটফোর্ডের মাঠে ১-৪ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই হারের পর আজ কোচ ওলে গুনার সোলশারকে ছাঁটাই করেছে রেড ডেভিলরা। তার জায়গায় রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান দায়িত্ব নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে। আপাতত অস্থায়ী ভিত্তিকে সাবেক খেলোয়াড় মাইকেল ক্যারিকই ম্যানইউর ডাগআউট সামলাবেন। আর মৌসুমের শেষ পর্যন্ত একজন অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দিতে পারে ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাবটি।
ম্যানইউ প্রিমিয়ার লিগে সর্বশেষ সাত ম্যাচের মধ্যে মাত্র একটি জিততে সমর্থ হয়। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দলটি রয়েছে টেবিলের সাত নম্বরে এবং লিগ লিডার চেলসির চেয়ে এ মুহূর্তে ১২ পয়েন্টে পিছিয়ে তারা।
সোলশারকে বরখাস্ত করার ঘোষণায় ম্যানইউ বলেছে, এটা খুবই দুঃখের বিষয় যে আমরা এমন কঠিন একটি সিদ্ধান্ত নিয়েছি।
ম্যানইউর জয় খরা চলছিল বেশ কিছুদিন ধরেই। ২৪ অক্টোবর লিভারপুলের কাছে ৫-০ গোলে ও ৬ নভেম্বর ম্যানচেস্টার সিটির কাছে ২-০ গোলে হার এর মধ্যে অন্যতম। এমন পরিস্থিতিতে ম্যানইউর কাছে বিকল্প কোনো উপায় ছিল না। এরপরও ক্লাবটি সোলশারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছে, গত কয়েক সপ্তাহে হতাশাজনক ফল হলেও গত তিন বছরে তিনি যে কাজ করেছেন তা ক্লাবের পুনর্গঠনের ভিতটা গড়ে দিয়েছে। আমাদের ম্যানেজার হিসেবে যে নিরন্তর চেষ্টা তিনি করেন গেছেন যেজন্য ওলের প্রতি হূদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। তার জন্য শুভকামনা।
১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত ম্যানইউর হয়ে ১১ মৌসুম খেলে ১২৬ গোল করেছেন সোলশার। ১৯৯৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তিনি গোল করেন।










