নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আজ বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। দুবাইতে ৩৫ রানে ৫ উইকেট পতনের পর ১৫৪ রানের জুটিতে বাংলাদেশকে ২২৮ রানের পুঁজি এনে দেন তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। হৃদয় করেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। যদিও পরে শুবমন গিলের হার না মানা সেঞ্চুরি হতাশ করে নাজমুল হোসেন শান্তর দলকে। ২১ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রোহিত শর্মার ভারত।

রোববার দুবাইতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। পরদিন রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দলের মিডল অর্ডারের নির্ভরতার প্রতীক হয়ে ওঠা হৃদয় (১১৮ বলে ১০০) আজ হৃদয় দিয়ে লড়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন। জাকের আলী ১১৪ বলে ৬৮ রান করেন। ২০৬ বল খেলে বোর্ডে ১৫৪ রান যোগ করে তারাই মান বাঁচিয়েছেন দলের। যদিও শেষ দিকে আরো দ্রুতগতিতে রান তোলার সুযোগ হারান হৃদয়। ৪৩তম ওভারে জাকের আলীকে ফিরিয়ে জুটি ভাঙেন পেস তারকা মোহাম্মদ শামি। এরপর ৭ ওভার থেকে বাংলাদেশক ৩৯ রান তুলে বাকি ৪ উইকেট হারায়।

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক ছিলেন শামি। ২০২৩ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়া এই ডানহাতি পেসার দীর্ঘদিন পর সম্প্রতি ওয়ানডে দলে ফিরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে দুই ম্যাচে মাত্র ২ উইকেট নেন। তবু তার ওপর আস্থা রাখে দল। তিনি আস্থার প্রতিদান দিলেন আজ ৫৩ রানে ৫ উইকেট শিকার করে। এছাড়া পেসার স্পিনার অক্ষর প্যাটেল ৩টি ও পেসার হরষিত রানা ২টি উইকেট নেন।

আইসিসি ইভেন্টে ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৬০ উইকেটের মালিক এখন শামি। এর মধ্যে ২৪ উইকেট নেন ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে।

ওয়ানডেতে এটাই হৃদয়ের সর্বোচ্চ স্কোর। ২০২৪ সালে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে ৯৬ রানে অপরাজিত ছিলেন, আজ সেটিকে টপকে গেলেন।

যদিও হৃদয়ের লড়াকু ইনিংসটা বিফল করে দিয়ে ভারতকে জেতান গিল। ভারতের ১৭২ রানের সময় লোকেশ রাহুলের ক্যাচ ছাড়েন জাকের আলী। তাসকিনের বলে ডিপ স্কয়ার লেগে সহজ ক্যাচ তুলেছিলেন ৯ রান নিয়ে ব্যাট করা রাহুল। সেই সহজ ক্যাচটি নিতে পারেননি জাকের। এরপর গিলকে নিয়ে তিনি আরো ৫৯ রান যোগ করেন বোর্ডে। ৯৮ বলে ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দুজন। গিল ১২৯ বলে ১০১ ও রাহুল ৪৭ বলে ৪১ রানে অপরাজিত থাকেন।

ওয়ানডেতে এ নিয়ে ৪২ বারের মুখোমুখিতে ৩৩টি জিতেছে ভারত, বাংলাদেশ জিতেছে ৮টিতে।