বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে (বিপিএল) ২১ থেকে ২৯ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক বিরতি। এর মধ্যে অনুষ্ঠিত হবে ফিফার সদস্যভুক্ত দেশগুলোর বিভিন্ন টুর্নামেন্টের ম্যাচ ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।
লিগের নবম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ৯ ম্যাচে আট জয় ও এক হারে ২৪ পয়েন্ট তাদের। ৫ জয়, তিন ড্র ও এক হারে ১৮ পয়েন্টে দুইয়ে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। ১৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে তিনবারের শিরোপাজয়ী শেখ জামাল ধানমন্ডি ক্লাব। চারে থাকা বাংলাদেশ পুলিশের পয়েন্ট ১৫।
১২টি দল নিয়ে চলছে এবারের পেশাদার ফুটবল লিগের ১৪তম আসর। প্রতিটি দল খেলবে ২২টি করে ম্যাচ। লিগে শেষ দুবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। নবম রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক বিরতিতে যায় বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগ। ৩ এপ্রিল শুরু হবে দশম রাউন্ডের খেলা।










