চলমান আইসিসি টি২০ বিশ্বকাপে শোচনীয়ভাবে ব্যর্থ হওয়া বাংলাদেশ ক্রিকেট দলের ৭ খেলোয়াড় দেশে ফিরেছেন। আজ বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন এসব ক্রিকেটার। 

সংযুক্ত আরব আমিরাত থেকে একাধিক ধাপে দেশে ফিরবেন বাংলাদেশের ক্রিকেটাররা। আজ এসেছেন পেসার শরিফুল ইসলাম, ব্যাটার নাইম শেখ, স্পিনার নাসুম আহমেদ, পেসার মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, অলরাউন্ডার আফিফ হোসেন ও শামীম পাটোয়ারী। 

আজকের ফ্লাইটে ছিলেন ক্রিকেট বোর্ডের চিকিত্সক দেবাশীষ চৌধুরী ও সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম। আজ রাত ১১টায় আরেকটি ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে ব্যাটার সৌম্য সরকার, উইকেটকিপার নুরুল হাসান সোহান ও স্পিনার শেখ মেহেদী হাসানের।

বিশ্বকাপের মূলপর্ব সুপার টুয়েলভে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশে। গ্রুপের পাঁচটি ম্যাচেই হারের স্বাদ পায় মাহমুদউল্লাহর দল। সর্বশষ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার কাছে ৭৩ রানে গুটিয়ে গিয়ে বিশাল হারের মুখে পড়ে বাংলাদেশ। 

আজ দেশে ফেরার কথা মোট ১০ ক্রিকেটারের। ইনজুরিতে পড়ায় আগেই দেশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ইনজুরিতে পড়া সাকিব আল হাসান পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। আর সংযুক্ত আরব আমিরাতেই ছুটি কাটাচ্ছেন অধিনায়ক মাহমুদউল্লাহ, সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, পেসার তাসকিন আহমেদ ও ওপেনিং ব্যাটার লিটন কুমার দাস।