আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে স্বপ্নের
সূচনা করা বাংলাদেশের মেয়েরা সোমবার দ্বিতীয় জয়ের লক্ষ্যে শ্রীলংকার বিপক্ষে খেলতে
নামছে। বেনোনির উইলিমুরের ‘বি’ ফিল্ডে ম্যাচটি শুরু হবে
বাংলাদেশ সময় বেলা ২টায়।
এদিন জিতলে ‘এ’ গ্রুপ থেকে পরের রাউন্ডের
টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের মেয়েদের। গ্রুপের আরেক ম্যাচে বাংলাদেশ
সময় সন্ধ্যায় অস্ট্রেলিয়া খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ১৬টি দল চারটি গ্রুপে ভাগ
হয়ে খেলছে যুব বিশ্বকাপে।
শনিবার বেনোনিতে নারী যুব বিশ্বকাপের অভিষেক
আসরের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে চমক দেখায় বাংলাদেশ। বোলিং ও
ব্যাটিং উভয় বিভাগেই কর্তৃত্ব করে দিশা বিশ্বাসের দল। ওইদিন যুক্তরাষ্ট্রকে একই
ব্যবধানে হারায় শ্রীলংকা। সোমবার বাংলাদেশ-শ্রীলংকা লড়াইটা তাই দারুণ জমে ওঠার অপেক্ষা।
এদিকে, যুব বিশ্বকাপে শুভসূচনা করেছে এশিয়ার দেশ ভারত ও পাকিস্তান। শনিবার ভারত ৭
উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকাকে, আজ রুয়ান্ডাকে ৮ উইকেটে
হারিয়েছে পাকিস্তান। উল্লেখ্য, যেকোনো ধরণের বিশ্বকাপে
এটাই ছিল রুয়ান্ডার প্রথম ম্যাচ। আগে ব্যাটিং করে তারা ৮ উইকেটে ১০৬ রান তোলে।
জবাবে পাকিস্তান ১৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়।










