ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়ে স্পেনের ক্লাব অ্যাটলেটিকোয় যোগ দিচ্ছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ। তার দলবদল নিয়ে ৮১.৫ মিলিয়ন পাউন্ডের সমঝোতায় পৌঁছেছে দুই ক্লাব।

 

দলবদলেল মূল ফি হবে ৬৪.৪ মিলিয়ন পাউন্ড (৭৫ মিলিয়ন ইউরো), সঙ্গে ‘অ্যাডস অন’ হিসেবে থাকবে আরো ১৭.১ মিলিয়ন পাউন্ড (২০ মিলিয়ন ইউরো)।   

 

আলভারেজকে বিক্রি করে রেকর্ড গড়তে যাচ্ছে ম্যানসিটি। আগের রেকর্ডটি ছিল ৫০ মিলিয়ন পাউন্ড, যখন রহিম স্টার্লিংকে চেলসির কাছে বিক্রি করা হয়েছিল।

 

২০২২ সালে ১৪.১ মিলিয়ন পাউন্ডে আর্জেন্টিনার রিভার প্লেট থেকে আলভারেজকে দলভুক্ত করায় ম্যানচেস্টার সিটি। প্রথম মৌসুমেই সিটির হয়ে ট্রেবল জয় করেন তিনি। ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ শিরোপাও জয় করেন তিনি।

 

আলভারেজ বলছিলেন, অলিম্পিক ফুটবল শেষ হওয়ার পর তিনি ক্লাবের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা।  

 

ম্যানসিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা খেলোয়াড়টিকে রাখতে চাইছিলেন, এমনকি প্রাক-মৌসুম দলেও রাখার আশা করছিলেন। আর্জেন্টাইন তারকা অবশ্য বিদায় নিতে চেয়েছেন এবং তার পথে বাঁধা হয়ে দাঁড়ায়নি ক্লাবটি। এর আগে রিয়াদ মাহরেজ, ইকাই গুন্দোয়ান, আইমেরিক লাপোর্তেকেও আটকায়নি সিটিজেনরা।