সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতার ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান সংগ্রহ করেছে মাহমুদুল্লাহ বাহিনী।

আজ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। লক্ষ্য ছিল আগে ব্যাট নিয়ে পাকিস্তানের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দেয়া। কিন্তু বাংলাদেশের টপ অর্ডার সেই আশায় দিয়েছে ছাই। ৪.৪ ওভারে ১৫ রান তুলতেই টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারায় স্বাগতিকরা। দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও সাইফ হাসান দু’জনেই ব্যক্তিগত ১ রান করে ফেরেন। ওয়ানডাউনে নামা নাজমুল হাসান শান্ত ফেরেন ৭ রানে। 

দলের মারকুটে ব্যাটাররা যখন ব্যর্থ, তখন ইনিংস মেরামতে ব্যস্ত হয়ে পড়েন পরের ব্যাটাররা। পাওয়ারপ্লেতে বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করে মাত্র ২৫ রান। যাতে ছিল মাত্র একটি চারের বাউন্ডারি! চারে নামা আফিফ হোসেন বাংলাদেশকে প্রথম বাউন্ডারির মুখ দেখান। চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহ-আফিফ খেলার হাল ধরার চেষ্টা করলেও দলীয় ৪০ রানের মাথায় ভাঙে জুটি। ১১ বলে ৬ রান করে ফেরেন রিয়াদ। ম্যাচ আরেকটু এগিয়ে নিয়ে ফিরতে হয় আফিফকেও। ৩৪ বলে ৩৬ রানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন তিনি। ২টি চার ও ছক্কায় ইনিংসটি সাজান আফিফ। পরে নুরুল হাসান সোহানের ২২ বলে ২৮, শেখ মাহেদি হাসানের ২০ বলে ৩০ রানের ভর করে ১২৭ রান তোলে বাংলাদেশ।

সফরকারীদের হয়ে হাসান আলী ২২ রানের বিনিময়ে ৩টি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ২৪ রান দিয়ে নেন ২টি উইকেট।