দুই বছর আগে নেপালকে তাদেরই মাঠে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। দেশে ফেরার পর হুড খোলা দ্বিতল বাসে সংবর্ধনা দেয়া হয়েছিল কৃতী নারী ফুটবল দলকে। সেই নেপালের মাটিতে দুই বছর পর সাফের শিরোপারক্ষার মিশনে নামছে বাংলাদেশ। আগামী ১৭ থেকে ৩০ অক্টোবর নেপালে বসছে সাফ চ্যাম্পিয়নশিপ। এই আসরের জন্য আজ সোমবার ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। এই স্কোয়াডে রয়েছেন কৃতী মিডফিল্ডার কৃষ্ণা রানী সরকার। সাফ খেলতে মঙ্গলবার নেপাল যাবে বাংলাদেশ নারী ফুটবল দল।

আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন। বাটলার বলেছেন, ‘দলের খেলোয়াড়দের যদি সততা ও নিষ্ঠা থাকে, তারা যদি আমার পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে, তাহলে সাফল্য পাওয়া সম্ভব। তবে আমি আগাম কোনো প্রতিশ্রুতি দিতে চাইছি না।’

সাফজয়ী দলের অধিনায়ক সাবিনা মনে করেন, এবার সাফ চ্যাম্পিয়নশিপ তাদের জন্য কঠিন ও চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা গত সাফে ভারত ও নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিলাম। গ্রুপ পর্বে ভারতকে হারিয়েছিলাম ৩-০ গোলে। আমি তো মনে করি, ভারত, নেপাল এবার আরো বেশি প্রস্তুতি নিয়ে আসবে, এবারের সাফ অবশ্যই কঠিন ও চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।’

বাস্তববাদী বাটলার ভবিষ্যত নিয়েই ভাবতে চান। তিনি বলেছেন, ‘আমি অতীতে বাস করি না। হ্যাঁ, দুই বছর আগে শিরোপা জিতেছিলাম, তবে এবার সবকিছু নতুন করেই করতে হবে। এই দলে নতুন কয়েকজন খেলোয়াড় আছে, পুরোনো, অভিজ্ঞরা আছে। আমাদের কয়েক ধরনের পরিকল্পনা থাকবে। অন্যরা কী করবে, তারা কেমন দল, এসব নিয়ে ভেবে লাভ নেই। নিজেদের যা শক্তি আছে, সে অনুযায়ী খেলতে পারলে সাফল্য পাব, আশা করি।’

কৃষ্ণা রানী সরকারকে নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে শেষ পর্যন্ত সাফের চূড়ান্ত স্কোয়াডে তিনি আছেন। গত সাফের ফাইনালে তিনি করেছিলেন জোড়া গোল। টুর্নামেন্টে করেন ৪ গোল। মাঝে চোটের কারণে ভুগলেও তার অভিজ্ঞতাকে মূল্যায়ন করেছে ম্যানেজমেন্ট।

প্রথমবারের মতো সাফ খেলতে যাচ্ছেন ৯ জন—আফিদা খন্দকার, মোসাম্মাৎ সাগরিকা, ইয়ারজান বেগম, আইরিন খাতুন, মুনকি আক্তার, কোহাতি কিসকু, শাহেদা আক্তার রিপা, মিলি আক্তার ও মাতসুশিমা সুমাইয়া। সাগরিকা গত ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ সাফে আলো কাড়েন। গত জুলাইয়ে ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অভিষেকে করেন হ্যাটট্রিক।

শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে ইংলিশ কোচ বাটলার বলেন, ‘আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করব সাফে। আমরা শিরোপা ধরে রাখার মিশনে যাচ্ছি। এটাকে আমরা মোটেও চাপ মনে করি না। ফুটবল আমাদের দলের খেলোয়াড়দের জন্য, আমার জন্য মোটেও চাপ নয়; বরং আনন্দের ব্যাপার। গৌরবের ব্যাপার।’

বাংলাদেশের গ্রুপে আছে এই অঞ্চলের শক্তিশালী দল ভারত ও পাকিস্তান। ২০ অক্টোবর প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ভারত। ‘বি’ গ্রুপে খেলবে নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ ও ভুটান। প্রুতি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে।

বাংলাদেশ দল

রুপনা চাকমা, মাসুরা পারভীন, আফিদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, নীলুফা ইয়াসমিন নীলা, আইরিন খাতুন, কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্দা, স্বপ্না রানী, মাতসুশিমা সুমাইয়া, সানজিদা আক্তার, মুনকি আক্তার, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, কৃষ্ণা রানী সরকার, মোসাম্মৎ ইয়ারজান, মিলি আক্তার, মোসাম্মৎ সাগরিকা।