বৃষ্টিতে ভেসে গেল শ্রীলংকা ও বিসিবি একাদশের মধ্যে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা। ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। ঢাকায়ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। যার কারণে সাভারে বিএকেএসপির ৩ নম্বর মাঠে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৮.৩ ওভার। যেটুকু খেলা মাঠে গড়িয়েছে তাতে শ্রীলংকার সংগ্রহ ১ উইকেটে ১৪ রান।
ম্যাচের ষষ্ঠ ওভারে দিমুথ করুণারত্নকে ব্যক্তিগত ২ রানে আউট করেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় ওশাদা ফার্নান্দো ৭ ও কুশল মেন্ডিস ৫ রানে অপরাজিত ছিলেন।
নিজেদের ঝালিয়ে নেয়ার ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে। কিন্তু আজ প্রথম দিন ৪০ মিনিট না যেতেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। দিনের খেলা শুরু হয় সকাল ১০টায়।
বিসিবি একাদশকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ মিঠুন। শ্রীলংকার বিপক্ষে
প্রথম টেস্টের দলে ডাক পাওয়াদের মধ্যে একমাত্র মোসাদ্দেক হোসেন সৈকত আছেন
প্রস্তুতি ম্যাচের দলে। তবে তিনি ফিল্ডিংয়ে নামেননি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন
ক্রিকেট লিগে (ডিপিএল) দারুণ ফর্মে
থাকা এনামুল হক বিজয়ও খেলছেন এই ম্যাচে। এছাড়া আবু জায়েদ রাহী, সাদমান ইসলাম ও
সাইফ হাসানকেও রাখা হয়েছে দলে।










