দুঃসময় কাটিয়ে গত বছর টি২০ বিশ্বকাপ দিয়ে ফর্মে
ফেরা বিরাট কোহলি শ্রীলংকার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে তুলে নিলেন দ্বিতীয়
সেঞ্চুরি। গোয়াহাটিতে প্রথম ওয়ানডে ম্যাচে ১১৩ রানের ইনিংস খেলার পর আজ কেরালায়
তার ব্যাট থেকে এলো আরেক রাজসিক সেঞ্চুরি। মাত্র ৮৫ বলে করেছেন ক্যারিয়ারের ৪৬তম
ওয়ানডে সেঞ্চুরি। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ১৬৬ রানে। এই সেঞ্চুরিতে ভারতীয়
গ্রেট শচীন টেন্ডুলকারের রেকর্ডের আরো কাছে চলে গেলেন ৩৪ বছর বয়সী কোহলি। ওয়ানডেতে
৪৯টি সেঞ্চুরি নিয়ে শীর্ষে অবস্থান করছেন শচীন।
টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করা ভারত আজ যেন আরো
দুর্বার। ওপেনিং জুটিতে রোহিত শর্মা ও শুভমান গিল ১৫.১ ওভারে ৯৫ রান তুলে দিলে বড়
স্কোর নিয়ে আর ভাবতে হয়নি ভারতকে। রোহিত ৪৯ বলে ৪২ রান করে চামিকা করুনারত্নের
শিকার হয়ে সাজঘরে ফিরে গেলে দ্বিতীয় উইকেটে ১১০ বলে ১৩১ রান যোগ করেন গিল ও কোহলি।
এ পথে গিল তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। তিনি ৯৭ বলে ১১৬ রান করে
কাসুন রাজিথার শিকারে পরিণত হন।
এরপরও ভারতের রান উত্সব চলতে থাকে। কোহলি ও
শ্রেয়াস আইয়ার দুরন্ত ব্যাটিংয়ে হতাশ করেন লংকানদের। এই পথেই সেঞ্চুরি পূর্ণ করেন
কোহলি। তিনি ২৬৮ ম্যাচ খেলে করলেন ৪৬টি সেঞ্চুরি, আর শচীন ৪৯ সেঞ্চুরি করেছেন ৪৬৩ ম্যাচে। শচীনের রানগড় ৪৪.৮৩, আর কোহলির ৫৭.৯০।
৩০টি সেঞ্চুরি করে তিনে সাবেক অজি গ্রেট রিকি
পন্টিং। বর্তমানে খেলছেন এক ক্রিকেটারদের মধ্যে ২৯টি সেঞ্চুরি করে চারে রয়েছেন
রোহিত শর্মা।
যদিও টেস্ট সেঞ্চুরিতে কোহলির চেয়ে অনেক অনেক
এগিয়ে শচীন। ৫১টি সেঞ্চুরি করে সবার শীর্ষে শচীন, আর কোহলি করেছেন ২৭টি।
কোহলিকে আজ লংকান বোলাররা আউটই করতে পারেনি। ১১০
বলে ১৩ বাউন্ডারি ও ৮ ছক্কায় ১৬৬ রানে অপরাজিত থাকেন তিনি। তার দেড়শোর্ধ্ব ইনিংসে
ভর করে ভারত ৫০ ওভারে পেয়ে যায় ৩৯০ রানের সৌধ।
উল্লেখ্য, প্রায় সাড়ে তিন বছরের খরা কাটিয়ে গত ১০ ডিসেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী
স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি পান কোহলি (১১৩ রান)। সেই থেকে চার ম্যাচের মধ্যে তিনি একশ টপকালেন মোট
তিনবার।










