জোহানেসবার্গে আজ সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা
বাংলাদেশ পড়েছে ব্যাটিং বিপর্যয়ে। ৩৪ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে তামিম ইকবালের দল।
এরপর মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন বুক চিতিয়ে লড়াই করে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা
করছিলেন। ৬০ রান তোলার পর মাহমুদউল্লাহর বিদায়ে ভাঙে এ জুটি। এ প্রতিবেদন লেখার
সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ২৯ ওভারে ৬ উইকেটে ১০৫ রান। আফিফ ৩৭ ও মেহেদী হাসান
মিরাজ ৫ রানে ব্যাট করছিলেন।
ফাস্ট বোলার কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি বাংলাদেশের টপ অর্ডার
গুঁড়িয়ে দিয়েছেন। তৃতীয় ওভারে মাত্র এক রান করে লুঙ্গির শিকার হন তামিম। আগের
ম্যাচের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান এদিন ৬ বলে কোনো রান না করেই রাবাদার শিকার
হয়ে ফিরে যান সাজঘরে। লিটন দাস ও মুশফিকুর রহিম স্থিতি আনার চেষ্টা করলেও খুব বেশি
সময় টিকতে পারেননি। লিটন ২১ বলে ১৫ রান করে রাবাদার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন।
এরপর দলীয় ৩৪ রানে পরপর দুটি উইকেট হারায় বাংলাদেশ। ১২তম ওভারের শেষ
বলে ইয়াসির আলীকে আউট করেন রাবাদা, আর মুশফিক লেগ বিফোর হন ওয়েন পারনেলের বলে।
এরপর মাহমুদউল্লাহ ও আফিফ ৮৭ বলে ৬০ রানের জুটি গড়ে দলকে ভরাডুবি থেকে
বাঁচিয়েছেন। ৪৪ বলে ২৫ রানের লড়াকু ইনিংস খেলে স্পিনার তাবরাইজ শামসির বলে
ইয়ান্নেমান মালানকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ।










