নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। আজ রোববার নেপালের দশরথ স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে হারতে বসেছিল সাবিনা খাতুনের দল। যদিও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে হার এড়ানোর পাশাপাশি এক পয়েন্ট নিশ্চিত করে লাল-সবুজ জার্সিধারীরা।

২০২২ সালে সর্বশেষ আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে পাকিস্তানকে ৬-০ গোলে গুঁড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। সেই দলটির বিপক্ষে আজ ফেভারিট হিসেবেই নামে পিটার বাটলারের শিষ্যরা। যদিও আজ আগেভাগে গোল খেয়ে বসে ফেভারিটরা। প্রথম মিনিট মিনিট সাবিনা, ঋতুপর্ণারা দুর্দান্ত ফুটবল খেললেও গোল আদায় করে নিতে পারছিলেন না। উল্টো ৩২ মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল খেয়ে বসে বাংলাদেশ। শিউলি আজিম বল থামালেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। গোলকিপার রুপনা চাকমা অনেকটা এগিয়ে আসার সুযোগ দিয়ে জাহমিনা সামিন মালিক দারুণ প্লেসিং শটে গোল করেন।

পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে রয়েছে ভারত। বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট ১ করে। আগামী বুধবার ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ ড্র করলে সেমিফাইনাল নিশ্চিত হবে মেয়েদের। কিংবা ভারতের কাছে পাকিস্তানের চেয়ে কম গোলে হারলেও সেমিতে যাবেন সাবিনারা।

অথচ পাকিস্তানের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। কিন্তু এই সুযোগটি কাজে লাগাতে পারল না বর্তমান চ্যাম্পিয়নরা।

পিছিয়ে পড়া দলের খেলার গতি বাড়াতে ৭০তম মিনিটে অধিনায়ক সাবিনাকে তুলে কৃষ্ণা রানীকে নামান বাটলার। কিছুক্ষণ পর তহুরাকে তুলে সাগরিকাকে ও মনিকা চাকমার বদলে মারিয়া মান্দাকে মাঠে নামানো হয়। এই পরিবর্তনেও গোল আসছিল না। অবশেষে ছয় মিনিটের যোগ করা সময়ের খেলায় গোলের দেখা পায় বাংলাদেশ। বাম দিক থেকে ঋতুপর্নার ক্রসে গোলমুখে থেকে হেডে লক্ষ্যভেদ করেন শামসুন্নাহার জুনিয়র।